Advertisement

সুতা আমদানি নিয়ে নিষ্ফলা বৈঠক, মামলা চলমান থাকায় সিদ্ধান্তে যাননি বাণিজ্যমন্ত্রী

প্রথম আলো

প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬

সুতাফাইল ছবি: প্রথম আলো
সুতাফাইল ছবি: প্রথম আলো

বন্ড সুবিধার আওতায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে, নাকি নতুন করে ব্যাংক গ্যারান্টি ছাড়াই আমদানির সুযোগ দেওয়া হবে, এ নিয়ে দুই ঘণ্টার বেশি সময় আলোচনা করেও কোনো সমাধান বের করতে পারেনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটি।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার ২০ নভেম্বরের মধ্যে এ ঘটনার সুরাহা করার নির্দেশনা দিয়ে রেখেছেন। তাঁর নির্দেশনার দুই দিনের মাথায় ঢাকায় সচিবালয়ে আজ বুধবার বাণিজ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বস্ত্র ও পাটসচিব আয়েশা আক্তার অংশ নেন।

ব্যবসায়ীদের দিক থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা যুক্তি তুলে ধরে জানান, এনবিআরের গত ৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পর রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আটকে আছে আমদানি করা সুতা। ব্যবসায়ীরা ব্যাংক গ্যারান্টির অভাবে সেসব পণ্য খালাস করতে পারছেন না। দিন যাচ্ছে আর বন্দরের মাশুল বাড়ছে। এতে শুধু রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে না, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

তবে পাল্টা যুক্তি দেন বিটিএমএর নেতারা। সংগঠনটির এক প্রতিনিধি জানান, এনবিআরের জারি করা বন্ড সুবিধায় সুতা আমদানি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন স্থগিত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। এ বিষয়ে রিট মামলা করেছিলেন বিটিএমএর এক সদস্য।

জানা গেছে, আজ বুধবারের বৈঠকের মাঝখানে ব্যবসায়ীদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, গভর্নর, সচিবেরা আধা ঘণ্টার একটি আলাদা বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি। এ বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সামনে বলেন, যেহেতু উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে তিনি এগোবেন বলে জানান।

তবে প্রথম আলোর পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, বন্ড সুবিধা বাতিল হওয়ার পর দেশের বস্ত্রকলমালিকেরা সুতার দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে কিছু সুতা দেশে তৈরি হয় না। সেগুলো আমদানি করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এতে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে।

সংগঠন দুটি বৈঠকে আরও জানায়, বন্ড সুবিধা বাতিল হওয়ার আগে ইস্যু করা ঋণপত্রের (এলসি) বিপরীতে আসা সুতাও ব্যাংক গ্যারান্টি ছাড়া ছাড় করতে পারছেন না উদ্যোক্তারা। এ জন্য তাঁদের বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে। অন্যদিকে বিটিএমএর নেতারা দেশীয় বস্ত্র খাত টিকিয়ে রাখতে বন্ড সুবিধার আওতায় সুতা আমদানি বন্ধের ওপর জোর দেন।

যোগাযোগ করা হলে বিটিএমএর সভাপতি শামীম ইসলাম প্রথম আলোকে জানান, বৈঠকে দেশের স্থানীয় বস্ত্রশিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০-৩০ কাউন্টের সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়েছে। এ ব্যবস্থাকে কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা দূর করতে পারে সরকার।

পরে বিটিএমএ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।

এদিকে বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের আশা ছিল যে আলোচনা চলতে থাকবে। পাশাপাশি বন্ড সুবিধার আওতায় সুতা আমদানি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হবে।’

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী আগেই কমিটি করে দিয়েছিলেন, ফলে আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। প্রধানমন্ত্রীর উদ্যোগের পর আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল না।

বিটিটিএলএমইএ সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, এনবিআরের এক প্রজ্ঞাপনে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারক নয়, ইপিজেডে যে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তাঁরাও আজ বিপদে। বিষয়টা অনেকটা এ রকম, উজানে বাঁধ দিয়ে ফসল ফলাতে বলা হচ্ছে।

Lading . . .