Advertisement
  • হোম
  • চাকরি
  • ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিল ৮০...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান

প্রথম আলো

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। বিভিন্ন খাতের ৮০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। এর মধ্যে ছিল নেস্‌লে, বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) মতো প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) শেষ হওয়া এই চাকরির মেলায় শিক্ষার্থীরা চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা, সাক্ষাৎকার দেওয়া এবং ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাই ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এ মেলায় অংশ নেন।

ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস এ মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ খান বলেন, ‘কর্মজীবন একটি ম্যারাথন দৌড়ের মতো। এখানে কোনো শর্টকাট নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞানই আমাদের ভিত্তি। পাঠ্যবই ও গবেষণায় প্রকাশিত জ্ঞান বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে এসেছে। তাই আমরা যা শিখেছি, সেটাই আমাদের জ্ঞানের ভিত্তি।’

ক্যারিয়ার মেলার দ্বিতীয় দিন ‘ফ্রম আর্লি ক্যারিয়ার টু ফিউচার লিডার: বিল্ডিং আ ক্যারিয়ার দ্যাট ক্রিয়েটস ইমপ্যাক্ট’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বর্তমান ইনডিপেনডেন্ট ডিরেক্টর রূপালী হক চৌধুরী।

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ। এর আগে দিনের ‘মিট দ্য সিইও’ সেশনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

মেলার বিভিন্ন সেশনে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান দাউদ সামস, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার শারমিন সুলতান ও চিফ সলিউশনস আর্কিটেক্ট শাহ আলী নেওয়াজ তপু, আইএইচএইচ হেলথকেয়ারের এইচআর অ্যান্ড অপারেশনসের ডিরেক্টর তৌফিকা ইরফান এবং প্রিমিয়াম সুইটসের মানবসম্পদ বিভাগের প্রধান শাহরিয়ার রহমান।

Lading . . .