Advertisement

বেনাপোলের কাছে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রথম আলো

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দরে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত হওয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায়ছবি: প্রথম আলো
যশোরের বেনাপোল স্থলবন্দরে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত হওয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায়ছবি: প্রথম আলো

যশোরের বেনাপোল স্থলবন্দর–সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক–লড়ি শ্রমিক ইউনিয়ন বেনাপোলের সিনিয়র সহ–সভাপতি লোকমান হোসেন।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে ও লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে। তাঁরা মাটিতে পড়ে যান।

পরে অন্য শ্রমিকেরা ওই দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

একটি ককটেল বিস্ফোরণে ওই দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ এজাহার দেননি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
কাজী বাবুল হোসেন, বেনাপোল বন্দর থানার ওসি

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দর থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, একটি ককটেল বিস্ফোরণে ওই দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ এজাহার দেননি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।

Lading . . .