ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ২ নেতা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও–১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির এই দুই প্রার্থী হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বিএনপি।
আজ সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতা–কর্মীদের নিয়ে মা–বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে তিনি জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নেতা–কর্মীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে দুপুর সোয়া ১২টার দিকে নেতা–কর্মীরা তাঁকে নিয়ে হেঁটে জেলা নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
ফেরার পথে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ঠাকুরগাঁওকে সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে দেখতে চাই। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। এই স্বপ্নপূরণে যে কাজ করা দরকার, আমি সেই কাজ করতে চাই।’ বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।’
শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ফয়সল আমিন বলেন, ‘এটা জানতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এদিকে বেলা একটার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তিনি বলেন, দল দুজনকেই মনোনয়নপত্র জমা দিতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। সেই নির্দেশনা মেনেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর প্রার্থীর নাম চূড়ান্ত করে আবার চিঠি আসবে। যাঁর নামে চিঠি আসবে, তিনিই দলীয় প্রার্থী হবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও–১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আসনটিতে মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ ছাড়া ১১–দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


