গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে যাচ্ছে, দেশের কোথায় বৃষ্টি হতে পারে
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি গতকাল বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাছি ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার পথে রয়েছে। এটি ইতিমধ্যে স্থলভাগে উঠে এসেছে। তবে এর প্রভাবে বরিশালের একাংশে এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকার কাছাকাছি জাজিরা ও মাদারীপুরে সকালের দিকে বৃষ্টি হয়েছে।
আজ সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ আর রোদের খেলা চলছে। রাজধানীতে এ অবস্থা চলতে পারে সারা দিনই। সামান্য বৃষ্টিও হতে পারে। এতে অবশ্য তাপমাত্রা কমে যেতে পারে। আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে।


