বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনছবি: প্রথম আলো

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।

নারীশিক্ষার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান আছে। ইতিহাস এই কৃতিত্ব স্মরণে রাখবে।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় আপনাদের অনেক কিছু দিয়েছে, এবার আপনাদেরও কিছু দেওয়ার পালা।’ অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে স্পিকার বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না। তিনি বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন। তখন সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে কোনো জটলা দেখতেন না। তখনকার পরিবেশই হয়তো এমন ছিল।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষক জাহানারা বেগম, অধ্যাপক শাহ সাজেদা, শামীমা মাসুদ মুন্নিসহ অনেকে।

এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শতবর্ষপূর্তির মিলনমেলা ঘিরে উৎসবের সাজে সাজানো হয় পুরো বিদ্যালয়। গোলাপি রঙে সজ্জিত ভবন আর দেয়ালে আঁকা আলপনায় তৈরি হয় বর্ণিল পরিবেশ। প্রাক্তনীদের উচ্ছ্বাস, স্মৃতিচারণা আর আনন্দ-আয়োজনে ফিরে আসে বিদ্যালয়ের শত বছরের সোনালি অধ্যায়।