ছিনতাইপ্রতীকী ছবি

কেরানীগঞ্জে অটোরিকশা থামিয়ে হঠাৎ গুলি, ২০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। উভয়ের পায়ে গুলি লেগেছে।

অন্তর সরকারের ভাষ্য, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারি দোকান আছে। সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাঁদের অটোরিকশার গতি রোধ করে।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
রুহুল কুদ্দুছ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি

এরপর তারা গুলি ছুড়লে অন্তর ও রাজিব গুলিবিদ্ধ হন। হামলাকারীরা তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে ২০ থেকে ২৫ ভরি সোনা ছিল। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।