জান্নাতুল সুমাইয়া হিমি

নতুন নাটকে হিমি

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেধে অনেক নাটক উপহার দিয়েছেন দর্শককে। বেশ কিছুদিন নিজের মতো করে সময় কাটাতে দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলেও জানান হিমি।
হিমি বলেন, আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ‘লাল মোরগের ঝুল’ নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে আরও বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে। সত্যি বলতে কী এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। সব যে একই ঘরানার গল্প এমন নয়, বিভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব আসছে। রোমান্টিক, কমেডি এমন কী ভীষণ সিরিয়াস গল্পেও কাজ করার প্রস্তাব আসছে। তবে এরমধ্যে নারী প্রধান কিছু গল্পেও কাজ করছি। কারণ এই ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। যে কারণে এই সময়টাতে এসে আমি নারী প্রধান গল্পের দিকেও একটু মনোযোগ দিচ্ছি। গল্পগুলো খুব সুন্দর।

দর্শকের ভালো লাগবে সেই কাজগুলো-এটা আমার বিশ্বাস। আর এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনেকরি একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরও পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। কারণ এই এক্সপেরিমেন্টাল কাজগুলোতে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। আর আজ আমার জন্মদিন। বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারি।