ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার

নতুন ধারাবাহিকে তিন শিল্পী

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন, নাটকের রচয়িতাও তিনি। চ্যানেল আই ও রাজের ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে প্রচারের জন্য ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এটা আমাদেরই গল্প’ এ দেশের প্রতিটি পরিবারের প্রিয় নাটক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। কারণ একটি ভালো গল্পের কাজ করলে শিল্পীর মধ্যেও এক ধরনের প্রত্যাশার সৃষ্টি হয়। রাজ ভাইয়ের এই নাটককে ঘিরে তাই হয়েছে। কেয়া পায়েল বলেন, রাজ ভাইয়ের নির্দেশনায় বেশকিছু একক নাটকে আমার কাজ করা হয়েছে। এই নাটকটি নির্মাণে তিনি ভীষণ শ্রম দিচ্ছেন।

এই নাটক দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, গল্পের কারণেই। খায়রুল বাসার বলেন, পারিবারিক এই গল্পে আমি যাদের সঙ্গে অভিনয় করছি তারা প্রত্যেকেই আমার ভীষণ পছন্দের, যে কারণে আমার ভীষণ ভালো লাগছে। ৫২ পর্বের লক্ষ্যে নির্মাণ চলতি এই ধারাবাহিকটি আগামী ২ নভেম্বর থেকে প্রচারে আসবে বলে জানালেন রাজ।
রাজ বলেন, ‘এটা আমাদেরই গল্প’ একেবারেই পারিবারিক গল্পের নাটক। এর আগেও আমি পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলাম। এবারের প্রত্যাশা আরও বেশি। আমার বিশ্বাস নতুন এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে থাকবে।
এতে আরও অভিনয় করছেন শিল্পী সরকার অপু, নারে চৌধুরী, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, সুনেরাহসহ আরও অনেকে। টানা বেশ কয়েকদিন ধরেই রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শূটিং চলছে।