নিজস্ব ছবি,এই সময়,,Ei Samay

‘লিগ জেতা অনেকটা ড্রাগের নেশার মতো’: অ্যাশলি কোল

কুণাল বসু

একটিই মাত্র হার আট ম্যাচে। তাতেই প্রিমিয়ার লিগে দু’নম্বরে আর্সেনাল। তবে গত সপ্তাহের পরে কিছুটা অক্সিজেন পেয়েছে মিকেল আর্তেতার টিম। ম্যানচেস্টার সিটির সঙ্গে এখন আর্সেনালের পয়েন্ট সমান। গোলপার্থক্যে এগিয়ে এক নম্বরে সিটি। এ সপ্তাহে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ তাই গুরুত্বপূর্ণ আর্সেনালের জন্য।

ফের কি খেতাব জয়ের জন্য দৌড়বে আর্সেনাল? লন্ডনের এই ক্লাবের প্রাক্তন তারকা অ্যাশলি কোল বলছেন, ‘টিমটা ধারাবাহিক উন্নতি করছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এই অবস্থায় জেতাটা অনেকটা ড্রাগের নেশার মতো। আবার চ্যাম্পিয়ন হতে চাইবে টিম। আরও বেশি করে জিততে চাইবে।’ জিওস্টারের মাধ্যমে এই সময়–কে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে এ রকমই বলেছেন কোল।

একজন ব্যক্তি হাতে ট্রোফি নিয়ে বসে আছে
একজন ব্যক্তি হাতে ট্রোফি নিয়ে বসে আছে

ইংল্যান্ডের সাইড ব্যাকের কথায়, ‘মিকেল আর্তেতা আর্সেনালকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেছে। এ বার সব দিক থেকে আরও উন্নতি করতে হবে। আর সেটা শুরু হয় প্লেয়ার বাছাই থেকে। এমন প্লেয়ারদেরই আনতে হবে যারা সব সময়ে জিততে চায়। যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতাবে।’ কোলের সংযোজন, ‘ছ–সাত বছর ধরে চেষ্টা করে মিকেল গত মরশুমে প্রিমিয়ার লিগের স্বাদ পেয়েছে। অনেকটা বোঝা হাল্কা হয়েছে। এ বার আরও শক্তিশালী করতে হবে টিমকে।’

একজন ব্যক্তি হাতে ট্রোফি নিয়ে বসে আছে
একজন ব্যক্তি হাতে ট্রোফি নিয়ে বসে আছে

নিজের ফুটবল কেরিয়ারে আর্সেন ওয়েঙ্গারের কোচিংয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। ছিলেন ২০০৪–এর বিখ্যাত ‘অপ্রতিরোধ্য’ টিমেও। যারা কোনও ম্যাচ না হেরে ইপিএল জিতেছিল। আবার চেলসিতে খেলেছেন জোসে মৌরিনিওর কোচিংয়ে। চেলসির লিগ খেতাব অবশ্য জিতেছিলেন কার্ল আন্সেল‍োত্তির কোচিংয়ে। নিজের অভিজ্ঞতা থেকে কোল ব্যাখ্যা করেছেন ওয়েঙ্গার ও মৌরিনিওর কোচিংয়ের। কোলের কথায়, ‘আর্সেন আর মৌরিনিও দুই ধরনের। আর্সেন অনেক শান্ত। চুপচাপ কাজ করত। ফুটবলারদের অনেক সময়েই স্বাধীনতা দিত। তবে মৌরিনিওর নিজস্ব কিছু গুণ ছিল। তবে আমার মনে হয়, ওয়েঙ্গারের আর্সেনাল টিমটা মৌরিনিওকে দিলে অথবা উল্টোটা করলে একই রকম ফল হতো না। কারণ, ফুটবলারদের উপরে নির্ভর করে কোচের নীতি।’ জুড়ে দেন, ‘এক কথায় বলতে পারি, দুই কোচই বিশ্বমানের।’