ভারতীয় ফুটবলে বদল চান সুনীল ছেত্রী,ছবি: X

ভারতীয় ফুটবলে বদল চান সুনীল ছেত্রী, FIFA-র কর্মসূচিতে অংশ নিয়ে কী জানালেন?

ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা হিসেব গণ্য করা হয় তাঁকে। ফুটবল মাঠে জাতীয় দলের জার্সিতে একের পর এক নজির গড়েছেন সুনীল ছেত্রী। এ বার ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এগোতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। FIFA-র Player Impact Programme-এর দ্বিতীয় সংস্করণে অংশ নিয়েছিলেন তিনি। সেই বিশেষ কর্মসূচি থেকে পাওয়া পরিকল্পনা ও শিক্ষা কাজে লাগিয়ে ফুটবল ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বদল আনতে চান তিনি। এই নিয়ে মুখ খুললেন সুনীল নিজেই। কী জানালেন?

ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী

কী পরিবর্তন চান সুনীল ছেত্রী?

শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলায় সকলের সমান সুযোগ পাওয়ার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেয় FIFA। সেই জন্যই আয়োজিত হয়েছিল এই বিশেষ কর্মসূচি। তাতে অংশ নিয়ে উচ্ছ্বসিত ৪২ বছর বয়সি সুনীল ছেত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা শিখেছি, সেগুলি বাস্তবে প্রয়োগ করার জন্য আর তর সইছে না। এখানে পুরুষ-মহিলা ভাগাভাগি নেই। বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের এবং বিশ্বমানের প্লেয়ারদের সঙ্গেও আলাপ-আলোচনা হয়েছে এই প্রোগ্রামে।’

ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী

প্রথম পুরুষ অংশগ্রহণকারী সুনীল

FIFA-র Player Impact Programme-এ প্রথম পুরুষ অংশগ্রহণকারী হিসেবে জায়গা নিয়েছিলেন সুনীল ছেত্রী। সঙ্গে ছিলেন রয়েছেন স্পেনের মহিলা বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসও। ডিসেম্বর মাসে লন্ডনে অথবা ভার্চুয়াল মাধ্যমে ফের একত্রিত হবেন অংশগ্রহণকারীরা। সেখানে নিজেদের পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন তাঁরা।

এই কর্মসূচির প্রথম সংস্করণটি হয়েছিল শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে। সেখানে অংশ নেওয়া অনেকেই পরে নিজেদের ফাউন্ডেশন ও ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছেন। এ বার সেই উদ্যোগে যোগ দিয়ে ভারতীয় ফুটবলের উন্নতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে চান সুনীল ছেত্রী।

ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী

ফুটবলের প্রভাব ছড়িয়ে দিতে চায় FIFA

FIFA-র মতে, মাঠে ফুটবলারদের প্রভাবের পাশাপাশি তাঁদের অবদান ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পৌঁছতে পারে। সেই ভাবনা থেকেই বিভিন্ন দেশের ফুটবলারদের এক ছাতার তলায় নিয়ে এসেছে এই কর্মসূচি। অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পরামর্শ দেওয়া হয় এখানে। নিজেদের পরিচিতি, প্রভাব এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে কী ভাবে সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা নেওয়া যায়, সেই প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের।