জেমি ম্যাকলারেন।,ছবি: সংগৃহীত

ISL শুরুর আগেই ধাক্কা মোহনবাগানে, দলের সঙ্গে গুয়াহাটি গেলেন না ম্যাকলারেন

কলকাতা লিগ জয়, তার পর ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে IFA শিল্ড ঘরে তোলা— মরশুমের শুরুটা দারুণ ছন্দে করেছে মোহনবাগান এসজি (Mohun Bagan SG)। এ বার লক্ষ্য ISL। কিন্তু দেশের সেরা লিগে অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল সবুজ-মেরুন শিবির। চোটের কারণে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম ভরসা জেমি ম্যাকলারেন।

শনিবারও তাঁকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন কোচ পানাগিয়োটিস দিমপেরিস (Panagiotis Dilmperis)। কিন্তু অনুশীলনে ফের অস্বস্তি অনুভব করেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। তাঁকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ফলে ম্যাকলারেনকে ছাড়াই ISL-এর প্রথম ম্যাচ খেলতে গুয়াহাটি উড়ে গেল মোহনবাগান। ঘরোয়া ফুটবলে ট্রফি জয়ের যে ছন্দ তৈরি হয়েছে, এ বার সেই ছন্দ ISL-এ ধরে রাখার চ্যালেঞ্জ পানোসের সামনে।

অনুশীলনে অস্বস্তি, ম্যাকলারেনকে নিয়ে সতর্ক মোহনবাগান

শনিবার সাংবাদিক সম্মেলনে ম্যাকলারেন ও আপুইয়া, দু’জনেরই দলের সঙ্গে গুয়াহাটি যাওয়ার কথা জানিয়েছিলেন পানোস। কিন্তু এক দিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। অনুশীলনের সময়ে অস্বস্তি অনুভব করেন ম্যাকলারেন। তাই মরশুমের শুরুতেই তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি কোচ। তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেমি ম্যাকলারেনের ছবি।

মোহনবাগানের এর পরের ম্যাচ ১৬ অক্টোবর, এসসি দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচও অ্যাওয়ে। ম্যাকলারেনের চোটের অবস্থা সন্তোষজনক হলে তাঁকে সরাসরি দিল্লিতে দলের সঙ্গে যোগ দিতে পাঠানো হতে পারে। তবে আপাতত তাঁর চোটের পরিস্থিতি বুঝে এগোতে চাইছে মোহনবাগান।

ম্যাকলারেনের অনুপস্থিতি নিঃসন্দেহে আক্রমণভাগের পরিকল্পনায় প্রভাব ফেলবে। ISL-এর প্রথম ম্যাচেই তাঁকে না পাওয়ায় প্রথম একাদশ সাজাতে নতুন করে ভাবতে হবে পানোসকে। শনিবার কোচ জানিয়েছিলেন, অনুশীলনের পরই প্রথম একাদশ চূড়ান্ত করবেন। কিন্তু শেষ মুহূর্তে ম্যাকলারেন ছিটকে যাওয়ায় সেই পরিকল্পনায় বদল আনতেই হচ্ছে।

শুধু ম্যাকলারেন নন, অসুস্থতার কারণে দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারেননি কিয়ান নাসিরিও। জ্বর হয়েছে তাঁর। রবিবার সকালে অনুশীলনের পর দুপুরে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় মোহনবাগান।

নর্থইস্টের বিরুদ্ধে জয় দিয়েই ISL অভিযান শুরু করতে চান পানোস

কলকাতা লিগ ও IFA শিল্ড জয়ের পর এ বার ISL-এ নিজেদের মেলে ধরতে চায় মোহনবাগান। রবিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুই দলেরই এটি চলতি ISL-এর প্রথম ম্যাচ। ফলে শুরু থেকেই পয়েন্টের খাতা খুলতে মরিয়া থাকবে দু’পক্ষ। কিন্তু ম্যাকলারেনের চোটের ধাক্কা সামলে দলকে কতটা গুছিয়ে নামাতে পারেন পানোস, সে দিকেও নজর থাকবে।

জেমি ম্যাকলারেনের ছবি।

ডুরান্ড কাপে নর্থইস্টের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে জিতেছিল মোহনবাগান। তবে সেই জয়কে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোচ। তাঁর মতে, ডুরান্ডের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। শিলংয়ে প্রবল বৃষ্টির মধ্যে হওয়া সেই ম্যাচে দুই দলই কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পায়নি।

পানোস বলেছিলেন, ‘আশা করি, এ বার ম্যাচটা সম্পূর্ণ আলাদা হবে। ডুরান্ড কাপে শিলংয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচের পরিস্থিতিও আলাদা ছিল। নর্থইস্ট সে বার কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে প্রথম থেকে খেলায়নি। অন্য দিকে, আমরাও জাতীয় দলের ফুটবলারদের পাইনি। তাই আগের ম্যাচের সঙ্গে এ বারের তুলনা করা ঠিক হবে না। তবে আমাদের জিততেই হবে।’

প্রতিপক্ষের শক্তি সম্পর্কেও যথেষ্ট সচেতন মোহনবাগান কোচ। নর্থইস্টের কোচ পেদ্রো বেনালির প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, ISL-এর শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁর দলকে। ফলে ঘরোয়া ফুটবলে পরপর ট্রফি জয়ের আত্মবিশ্বাস থাকলেও নর্থইস্টের বিরুদ্ধে সহজ ম্যাচের আশা করছেন না তিনি।