‘১৪ প্লেয়ার নিয়ে দল চালাতে হচ্ছে’, জিতেও ঠাসা সূচিতে ক্ষোভ মোহনবাগান কোচের
দাপুটে জয় দিয়ে IFA শিল্ডে যাত্রা শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ৬-০ গোলে শ্রীনিধি ডেকান এফসিকে উড়িয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিক করে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ছাংতে। পাশাপাশি মোহনবাগান জার্সিতে অভিষেকে নজর কাড়লেন নতুন বিদেশি স্ট্রাইকার লি এরউইন। গোল করার পাশাপাশি বৃষ্টিভেজা মাঠে খেলে ফিটনেসেরও পরিচয় দিলেন তিনি। তাঁকে নিয়ে ম্যাচের শেষে প্রেস মিটে মুখ খুললেন মোহনবাগানের হেড কোচ পানাগিয়োতিস দিমপেরিস। জিতেও ঠাসা সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। কী জানালেন পানোস?
এরউইনকে নিয়ে কী বললেন পানোস?
এই ম্যাচে পরিবর্ত হিসেবে নামেন লি এরউইন। নেমেই নিজের দক্ষতার পরিচয় দেন এই স্কটিশ স্ট্রাইকার। একাধিক বার দারুণ বল বাড়ান আক্রমণে। প্রয়োজনে ডিফেন্সেও নামেন। গোলটা যে ভালোই চেনেন, সেটাও বোঝালেন এরউইন। বাঁ প্রান্ত থেকে ছাংতের রাখা ক্রসে মাপা হেডে গোল করেন তিনি। প্রেস মিটে এই নিয়ে মুখ খোলেন পানোস। তিনি বলেন, ‘একজন নম্বর নাইন স্ট্রাইকারের খোঁজে ছিলাম যিনি একটু অন্য রকম বৈশিষ্ট্যের হবেন। তবে এরউইন খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। কোচিং স্টাফ ও বাকি প্লেয়ারদের সঙ্গে ওর দারুণ কেমিস্ট্রি তৈরি হয়েছে।’
ঠাসা সূচি নিয়ে ক্ষোভ পানোসের
ম্যাচ জিতলেও ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন হেড কোচ পানোস। বৃষ্টিতে এমন পরিস্থিতিতে খেলা নিয়েও খুব একটা খুশি নয় তিনি। প্রেস মিটে এই নিয়ে স্পষ্ট বললেন, ‘দল এমন মাঠে দ্বিতীয়বার খেলল। তবে তরুণ ফুটবলাররা দায়বদ্ধতা নিয়ে কঠিন ট্যাকল করেছে ও নিজেদের উজাড় করে দিয়েছে। সূচি নিয়ে বড় সমস্যা রয়েছে। চোট এবং জাতীয় দলের ক্যাম্পের কারণে প্রথম দলের মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে পুরো দল চালাতে হচ্ছে। প্রথাগত ফুলব্যাক ছাড়া এমন ফর্মেশনে খেলা কঠিন। তবে সীমিত সামর্থ্য নিয়েও দল সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’
এর পাশাপাশি কলকাতা লিগে নজর কাড়া সন্দীপ মালিকের প্রশংসাও শোনা গেল পানোসের মুখে। জানালেন, তিনি তরুণদের তুলে আনার পক্ষপাতী। রিজার্ভ দল থেকে খেলোয়াড়দের ফার্স্ট টিম বা ISL-এর স্তরে সুযোগ দেওয়া তাঁর লক্ষ্য।