ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া,ছবি: সংগৃহীত

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর, ছিটকে গেলেন ব্রাজ়িলের তারকা উইঙ্গার

আর কয়েকদিনের অপেক্ষা। চার দিন পরেই ব্রাজ়িলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। তবে বড় ধাক্কা খেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। আশঙ্কা বাড়ছিল আগেই। সেটাই সত্যি হলো। চোটের কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন বার্সেলোনার তারকা অ্যাটাকার রাফিনিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে চোট পান তিনি। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বুধবার ব্রাজ়িলের ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ভারতের বিরুদ্ধে খেলবেন না এই তারকা অ্যাটাকার।

ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া

ভারতের বিরুদ্ধে নেই রাফিনিয়া

ব্রাজ়িলের ফুটবল কনফেডারেশন জানিয়েছে, বুধবার স্ক্যান করা হয়েছিল রাফিনিয়ার। রিপোর্টে দেখা যায় তাঁর ডান পায়ের উরুর পিছনের দিকে পেশিতে সমস্যা ধরা পড়েছে। যদিও চোট তেমন গুরুতর নয়। তবে আগেও এই চোটের কারণে সমস্যায় পড়েছিলেন রাফিনিয়া। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজ়িল। চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরে যাবেন তিনি। তবে রাফিনিয়ার পরিবর্তে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য নতুন কোনও ফুটবলারকে দলে নেওয়া হচ্ছে না।

ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য হতাশা

এই ঐতিহাসিক ম্যাচ থেকে রাফিনিয়ার ছিটকে যাওয়া ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে বড় ধাক্কা। ভারতে বার্সেলোনা ও ব্রাজ়িলের সমর্থকের সংখ্যা অনেক। তাই দুরন্ত ফর্মে থাকা রাফিনিয়াকে দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই আশা পূরণ হবে না আর। তবে ব্রাজ়িলের স্কোয়াডে রয়েছেন আরও অনেক তারকা ফুটবলার। তালিকায় আছে ভিনিসিয়াস জুনিয়র, এন্দ্রিক, ব্রুনো গিমারায়েস এবং মার্কুইনহোসরা। তাই ম্যাচ নিয়ে উন্মাদনা কমেনি একটুও।

ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া

কী ভাবে চোট পেয়েছিলেন রাফিনিয়া?

এই আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ ড্র করেছিল ব্রাজ়িল। দ্বিতীয় ম্যাচে অবশ্য কার্লো আন্সেলোত্তির দল ৪-২ গোলে জয় পায়। সেই ম্যাচেই প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। তবে হাফ টাইমের পরে আর মাঠে ফেরেননি তিনি। পরে জানা যায় উরুর পেশিতে অস্বস্তি রয়েছে রাফিনিয়ার।