ডার্বির টিকিটের দাম এখন কত?,ছবি: AI নির্মিত

সমর্থকদের ক্ষোভের কাছে নতিস্বীকার, এক ধাক্কায় অনেকটা কমল ডার্বির টিকিটের দাম

ডার্বি মানেই আবেগ, উন্মাদনা আর গ্যালারিতে উপচে পড়া ভিড়। কিন্তু এ বার ২৯ নভেম্বরের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের আগে টিকিটের দামই সেই উন্মাদনায় কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে চড়া দামে টিকিট কেটে মাঠে বসে খেলা দেখা কার্যত কঠিন হয়ে পড়েছিল।

টিকিটের দাম প্রকাশ্যে আসতেই দুই প্রধানের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত সমর্থকদের সেই অসন্তোষের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। এক ধাক্কায় অনেকটা কমানো হলো ডার্বির টিকিটের দাম। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর (Indranil Khan) হস্তক্ষেপেও এই সিদ্ধান্ত নিল লাল-হলুদ ব্রিগেড।

২০০০ থেকে কমে টিকিটের সর্বোচ্চ দাম ৫৫০ টাকা

মঙ্গলবার ডার্বির টিকিটের দাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। সেই তালিকায় সাত ধরনের টিকিটের মূল্য রাখা হয়েছিল ৩০০, ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ এবং ২০০০ টাকা। অর্থাৎ, গ্যালারিতে বসে খেলা দেখতে গেলেও ন্যূনতম ৩০০ টাকা খরচ করতে হতো সমর্থকদের। আর ভালো আসনের জন্য গুনতে হতো ২০০০ টাকা পর্যন্ত।

ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের ছবির সঙ্গে ডার্বির টিকিটের প্রতীকী ছবি।

এই দাম সামনে আসতেই সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়ায়। অনেকেরই বক্তব্য ছিল, ফুটবলকে ভালোবাসলেও এত টাকা খরচ করে ডার্বি দেখা সবার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি সীমিত হাতখরচে চলা কলেজপড়ুয়াদের জন্য এই দাম ছিল বড় বাধা। বিষয়টি নিয়ে ক্লাবের কাছে ই-মেল পাঠিয়েও আবেদন জানিয়েছিলেন একাধিক ছাত্রছাত্রী।

এর পরেই বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর কাছেও সোশ্যাল মিডিয়ায় টিকিটের দাম নিয়ে একাধিক অভিযোগ পৌঁছেছিল। দুই প্রধানের সমর্থকদের কথা বিবেচনা করে টিকিটের মূল্য কমানোর জন্য ইস্টবেঙ্গলকে আবেদন জানান তিনি।

সদস্যদের জন্য আরও সস্তায় টিকিট, টাকা ফেরতের আশ্বাস

ক্রীড়ামন্ত্রীর আবেদনের পরেই নতুন করে টিকিটের দাম নির্ধারণ করে ইস্টবেঙ্গল। ক্লাবের প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, এ বার ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকায় ডার্বির টিকিট পাওয়া যাবে। অর্থাৎ, আগে যেখানে সর্বোচ্চ দাম ছিল ২০০০ টাকা, সেখানে এখন সবচেয়ে দামি টিকিটের মূল্য মাত্র ৫৫০ টাকা। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল সদস্যদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ৩০০ টাকার টিকিট তাঁরা পাবেন মাত্র ১৫০ টাকায়। যাঁরা ইতিমধ্যেই আগের তালিকা অনুযায়ী বেশি দামে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করবে ক্লাব।

ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের ছবির সঙ্গে ডার্বির টিকিটের প্রতীকী ছবি।

এক বিবৃতিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘সম্প্রতি বহু ছাত্রছাত্রী ই-মেলের মাধ্যমে টিকিটের দাম কমানোর আবেদন জানিয়েছিলেন। তাঁদের মাঠে এসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ করে দিতেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন দাম ঠিক করা হয়েছে।’

গ্যালারি ভরানোর ডাক ইস্টবেঙ্গলের

আগামী ২৯ নভেম্বর ISL-এ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এ বারের ডার্বিতে আয়োজকের দায়িত্বে রয়েছে লাল-হলুদ ক্লাব। ফলে গ্যালারি ভরিয়ে সমর্থকদের উপস্থিতি চাইছে ক্লাব। টিকিটের দাম কমানোর সিদ্ধান্তে মাঠে দর্শকসংখ্যা বাড়বে বলেই আশা করা হচ্ছে।

বিশেষ করে ছাত্রছাত্রীদের যাতে প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ইস্টবেঙ্গল। নতুন দামে টিকিট পাওয়ায় ডার্বির আগে সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা লাল-হলুদ শিবিরের। এবার ২৯ নভেম্বর যুবভারতীর গ্যালারি কতটা ভরে, সেটাই দেখার।