ইস্টবেঙ্গল-আল হুসেইন ম্যাচ কোথায় দেখবেন?,ছবি: সংগৃহীত

হারলেই সব আশা শেষ, আল হুসেইনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ, কখন-কোথায় লাইভ দেখবেন?

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এ বার জয়ের কোনও বিকল্প নেই লাল-হলুদের সামনে। মঙ্গলবার, ২৪ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে জর্ডনের ক্লাব আল হুসেইন এসসি-র (Al-Hussein SC) মুখোমুখি হবে তারা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ঘরের মাঠে এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। কারণ, এই ম্যাচে পয়েন্ট হারালে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে ইস্টবেঙ্গলের।

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে এখনও পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ। আল-সিবের (Al-Seeb) কাছে ঘরের মাঠে হার এবং দেশের ফুটবলে ফিরে এসসি দিল্লির (SC Delhi) বিরুদ্ধে ড্র, দু’টি ফলই চাপে রেখেছে দলকে। এ বার আল-হুসেইনের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ। অন্য দিকে, প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জর্ডনের ক্লাবটি। কলকাতায় জিততে পারলে তাদের শেষ ষোলোয় যাওয়ার টিকিটও পাকা হয়ে যাবে।

ইস্টবেঙ্গল-আল হুসেইন ম্যাচের ছবি।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখার লড়াই

২০২৪-২৫ মরশুমে প্রতিযোগিতার নাম বদলে AFC চ্যাম্পিয়ন্স লিগ টু হওয়ার পর থেকে এই টুর্নামেন্টে কোনও ভারতীয় ক্লাবের প্রথম পয়েন্ট এসেছিল ইস্টবেঙ্গলের হাত ধরেই। আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে সেই নজির গড়েছিল লাল-হলুদ। কিন্তু তার পর থেকে আর জয়ের মুখ দেখেনি কলকাতার দল। এ বার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে ঘরের মাঠে।

আল হুসেইনকে হারাতে পারলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে পাঁচ। সে ক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে আল-শোর্তার (Al-Shorta) বিরুদ্ধে নামার আগে শেষ ষোলোয় যাওয়ার অঙ্কে টিকে থাকবে তারা। তবে কাজটা সহজ হবে না। কারণ, চোটের জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার আলি (Anwar Ali) এবং এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। ফলে রক্ষণ সাজানো নিয়ে সমস্যায় পড়তে পারেন কোচ আন্তোনিও লোপেজ় হাবাস।

ইস্টবেঙ্গল-আল হুসেইন ম্যাচের ছবি।

রক্ষণ সাজানো নিয়ে চিন্তা

আনোয়ার এবং এডমুন্ড না থাকায় রক্ষণে কাদের খেলাবেন, তা নিয়ে ভাবতে হবে কোচকে। সন্দীপ মান্ডি এবং দিয়েগো জ়িভুলিচকে জুটি হিসেবে খেলানো হতে পারে। আবার চুংনুঙ্গাকে নিয়ে তিন ডিফেন্ডারের রক্ষণও তৈরি করতে পারেন কোচ। আল-হুসেইনের আক্রমণ সামলাতে কোন পরিকল্পনা নেওয়া হবে, সেটাই এখন দেখার।

প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন মাহমুদ আল-মার্দি (Mahmoud Al-Mardi)। এ বারও তাঁর নেতৃত্বে আল-হুসেইনের আক্রমণ সামলানো লাল-হলুদের রক্ষণের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। প্রতিপক্ষের নকআউটের টিকিট নিশ্চিত করার সুযোগ থাকলেও ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর লড়াই।

কখন, কোথায়, কী ভাবে দেখবেন ইস্টবেঙ্গল-আল হুসেইন ম্যাচ?

মঙ্গলবার (২৪ নভেম্বর) ম্যাচটি যুবভারতী স্টেডিয়ামে হবে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি ফ্যানকোড (FanCode) অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাবে। এ ছাড়া এই অলনাইনে ম্যাটেচ লাইভ আপডেট পাবেন।