একটা কিনলে, একটা ফ্রি! ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিটে বিশেষ ছাড়, পাওয়া যাচ্ছে কোথায়?
একটি টিকিট কিনুন, দু’জন মিলে দেখুন ব্রাজ়িলের খেলা! বিশ্বাস হচ্ছে না? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের সামনে থেকে দেখার সুযোগ, তাও আবার একটি টিকিট কিনেই। ভারত-ব্রাজ়িল ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের জন্য বড় অফার নিয়ে হাজির স্টাইল বাজার। তাদের ঘোষণা অনুযায়ী, একটি টিকিট কিনলেই সঙ্গে মিলবে আরও একটি টিকিট একেবারে বিনামূল্যে। অর্থাৎ, এক টিকিটের খরচেই দু’জন মিলে যুবভারতীতে বসে উপভোগ করতে পারবেন ব্রাজ়িলের তারকাদের খেলা। ম্যাচের কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, তখন এই অফার যে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে দেবে, তা বলাই যায়।
এক টিকিটে দু’জনের ম্যাচ দেখা
কলকাতায় ভারত-ব্রাজ়িল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। তার মধ্যেই স্টাইল বাজারের এই অফার টিকিটের চাহিদায় আরও গতি আনতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকাসন ৬০ হাজারের বেশি। ব্রাজ়িলের তারকাদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না শহরের ফুটবলপ্রেমীরা। এক টিকিটের সঙ্গে আর একটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকায় পরিবার, বন্ধু বা কাছের মানুষকে সঙ্গে নিয়ে ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনাও করতে পারবেন দর্শকরা।
এখনও পর্যন্ত কত টিকিট বিক্রি হয়েছে, সেই সংখ্যা প্রকাশ্যে আনেননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ কিংবা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। শোনা যাচ্ছে, অতিরিক্ত দামের জন্য মাত্র ৪০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। যে কারণে ম্যাচের আগে গ্যালারি ভরাতে যাবতীয় প্রস্তুতি চলছে।
গত সপ্তাহে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পানামা ম্যাচে প্রত্যাশিত দর্শক না হওয়ায় কলকাতার ম্যাচে বাড়তি নজর রয়েছে। যদিও ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে টিকিট নিয়ে বিষয়টি এড়িয়েই গেলেন। তিনি বললেন, ‘টিকিটের বিষয়টি এজেন্সি দেখছে, আমি বলতে পারব না।’
ডিজিট্যাল টিকিটে নির্দিষ্ট আসন
ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিট ব্যবস্থাতেও এ বার একাধিক বদল আনা হয়েছে। থাকছে অনলাইন ডিজিট্যাল টিকিট এবং প্রতিটি টিকিটে থাকছে নির্দিষ্ট আসন নম্বর। ফলে দর্শকদের নিজের আসন খুঁজে পেতে সুবিধা হবে। পাশাপাশি জাল টিকিট কিংবা কোনও ধরনের কারচুপি আটকানোর ব্যবস্থাও করা হচ্ছে। মঙ্গলবার যুবভারতী পরিদর্শন করেছে ব্রাজ়িল থেকে আসা প্রতিনিধি দল। ম্যাচের আগে স্টেডিয়ামে তৈরি হচ্ছে নতুন ডাগআউট। গোলপোস্টের দু’দিকে বসানো হবে জায়ান্ট LED স্ক্রিন। দর্শকদের জন্য থাকবে অ্যাম্বুল্যান্স এবং হুইলচেয়ারের ব্যবস্থাও। অর্থাৎ, ম্যাচের প্রস্তুতিতে শুধু মাঠ নয়, দর্শকদের সুযোগ-সুবিধার দিকেও নজর রাখা হচ্ছে।
১ অক্টোবর কলকাতায় ব্রাজ়িল
ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে ১ অক্টোবর কলকাতায় পা রাখার কথা ব্রাজ়িল দলের। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা-সহ তারকা ফুটবলারদের বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে শহরে পৌঁছনোর কথা। ২ অক্টোবর বিকেলে যুবভারতীতে অনুশীলন করবে ব্রাজ়িল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দলের। সেই রাতেই রাজ্য সরকারের তরফে ব্রাজ়িল দলের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে উরুগুয়ে দল, ভারতের পুরুষ ও মহিলা দল এবং রাশিয়ার মহিলা দলকেও।
তিন দফা চেকিং, ২০০০ পুলিশ
ভারত-ব্রাজ়িল ম্যাচের নিরাপত্তাতেও থাকছে কড়া ব্যবস্থা। স্টেডিয়ামে ঢোকার আগে তিন দফায় টিকিট পরীক্ষা করা হবে। প্রথমে মূল প্রবেশপথে, এর পর মূল বিল্ডিংয়ে ঢোকার আগে এবং সবশেষে মূল স্টেডিয়ামে প্রবেশের সময় হবে চেকিং। প্রতিটি র্যাম্পে নম্বর থাকবে, যাতে দর্শকদের নিজেদের আসনে পৌঁছতে সমস্যা না হয়। স্টেডিয়াম, মাঠ এবং ট্র্যাফিক— এই তিন ভাগে নিরাপত্তা ব্যবস্থা ভাগ করা হয়েছে। মোট প্রায় ২০০০ পুলিশকর্মী মোতায়েন থাকার কথা। জল, খাবার, ছাতা, ধারালো বা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে ঢোকা যাবে না। টিফো, ফেস্টুন বা পোস্টার নিয়েও প্রবেশের অনুমতি থাকবে না। তবে স্টেডিয়ামের ভিতরে পানীয় জল ও খাবারের ব্যবস্থা থাকবে।
এক দিকে কলকাতায় নামার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়াসরা, অন্যদিকে যুবভারতীকে সাজিয়ে তোলার শেষ মুহূর্তের ব্যস্ততা। তার মাঝেই স্টাইল বাজারের ‘এক কিনলে এক ফ্রি’ অফার ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিটে যোগ করেছে নতুন আকর্ষণ। এখন অপেক্ষা শুধু সেই ঐতিহাসিক ফুটবল সন্ধ্যার।