কলকাতা ফুটবলের বড় নাম। মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে নাম উঠে আসে মহামেডান স্পোর্টিংয়ের। ময়দান কাঁপানো ফুটবলার উপহার দিয়েছে এই দল। কলকাতা ফুটবলে অজস্র অবদান রয়েছে মহামেডান স্পোর্টিংয়ের। কিন্তু বেশ অনেকদিন ধরেই অর্থের টানাপড়েনে ভুগছিল এই ক্লাব। সমস্যা হচ্ছিল ফুটবল টিম চালানো নিয়ে। এ বার আর্থিক দুরবস্থার কারণে ফুটবল টিম তুলে নেওয়ার কথা জানানো ক্লাব কর্তৃপক্ষ।
ভাঁড়ারের অবস্থা এতটাই করুণ যে ফুটবল টিম চালানোই যাচ্ছে না। যার জেরে ইন্ডিয়ান ফুটবল লিগ (আই লিগ) থেকে নাম তুলে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মরশুমে তারা লিগের বাকি ম্যাচে আর দল নামাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে এই বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। শুক্রবার ক্লাব তাঁবুতে সদস্য সমর্থকদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেন ক্লাব কর্তারা। মহামেডানের সচিব ওয়াসিম আক্রম বলেছেন, ‘আগের কমিটি আমাদের ঘাড়ে ৭০ কোটি টাকা দেনা চাপিয়ে গিয়েছে। এ সব শোধ করে এখন টিম চালানো আর সম্ভব নয়।’ কর্তারা ফুটবলারদের বলে দিয়েছেন, জানুয়ারি উইন্ডোতে অন্য ক্লাব দেখে নেওয়ার জন্য।
লিগের প্রথম চার ম্যাচের চারটিতে হেরে লিগ টেবলে সবার শেষে রয়েছে সাদা কালো ব্রিগেড। ১ ডিসেম্বর তাদের অ্যাওয়ে ম্যাচ মিজ়োরামে চানমারির বিরুদ্ধে। এখানে খেলতে গেল কমপক্ষে ১২ লক্ষ টাকা খরচ হবে। সেই টাকা খরচ করার মতো অবস্থা ক্লাবের নেই।