এই সময়: এন্জ়ো মারেস্কার হাত ধরেই ম্যানচেস্টার সিটি আরও খেতাব জিতবে। সেই সঙ্গে নিজেও সিটিতে প্রতি বছর উন্নতি করতে চান, জানিয়েছেন ম্যান সিটির বেলজিয়ান উইঙ্গার জেরেমি দোকু।
অ্যাস্টন ভিলার বিরুদ্ধে প্রিমিয়ার লিগে নামার আগে জিওস্টারের মাধ্যমে ‘এই সময়’–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দোকু বলেছেন, ‘আমরা কঠিন ট্রেনিংগুলো চালিয়ে যেতে চাই। এ ভাবেই প্রতিটা ম্যাচের জন্য একই রকম প্রস্তুতি নিই। আমি নিশ্চিত, আমরা আরও অনেক খেতাব জিতব।’ প্রশ্নটা ছিল, কোচ এন্জ়ো মারেস্কার অধীনে সিটি কী ভাবে এগোচ্ছে? দোকুর কথায়, ‘কোচ খুব ভালো মুড এবং নতুন কয়েকজন স্টাফ নিয়ে এসেছেন। ওঁর স্টাইল আমাদের জন্য ভালোই। যে ভাবে আমরা ওঁর কোচিংয়ে খেলছি, ম্যাচ জিতছি, ট্রেনিং করছি, সেটা আমাদের জন্যই ভালো। আমরা খুশি।’
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা কি ম্যান সিটিতে তার পারফরম্যান্স আরও ভালো করছে? মানতে চাননি ২৪ বছরের দোকু। বলেছেন, ‘বিশ্বকাপ অবশ্যই অসম্ভব ভালো অভিজ্ঞতা। অনেক রকম প্লেয়ার, টিম, সিস্টেমের সঙ্গে পরিচিত হতে হয়। তবে সিটি আমাকে সব সময়ে আরও ভালো প্লেয়ার করে তুলছে। গত মরশুমে আমি যে রকম প্লেয়ার ছিলাম, এখন তার চেয়ে আলাদা। আর আমার মনে হয়, আগামী মরশুমে আমি আবার এই মরশুমের মতো থাকব না। আরও ভালো খেলব, বলেই আমার ধারণা।’
এ বারই চেলসি থেকে সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্তিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস। তাঁর সম্পর্কে দোকুর মন্তব্য, ‘সবে টিমে এসেছে। কোয়ালিটি প্লেয়ার। দ্রুত টিমের সঙ্গে মানিয়ে নিয়েছে।’ আর্লিং হাল্যান্ডের সঙ্গে তাঁর বোঝাপড়া নিয়ে বলতে গিয়ে দোকু বলেছেন, ‘আর্লিংয়ের সঙ্গে আমার তালমিল যথেষ্ট ভালো। বেশ কিছু দিন একসঙ্গে খেলছি। আমি বুঝতে পারি, ও কী চায়। আমরা মাঠে একে অন্যকে খুঁজে পেতে চাই।’
ভারতীয় ফ্যানেদের উদ্দেশে দোকুর মন্তব্য, ‘খেলা দেখতে থাকুন, সমর্থন চালিয়ে যান। আমরা অনেক কিছু জিতব এই মরশুমে। সমর্থনের জন্য ধন্যবাদ।’