IFA শিল্ডের ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও ক্যালকাটা কাস্টমস,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

East Bengal vs Customs LIVE: জলে গেল কাস্টমসের লড়াই, ৩-১ গোলে জয় ইস্টবেঙ্গলের

শেষ ম্যাচ

শেষ হয়ে গেল ম্যাচ। কাস্টমসের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। গোল করলেন রোহিত কুমার, রোহিত দানু ও আকাশ হেমব্রম।

লাল কার্ড

লাল কার্ড দেখলেন কাস্টমসের কোচিং স্টাফের এক সদস্য।

৬ মিনিট অতিরিক্ত সময়

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ৬ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।

গোল শোধের জন্য মরিয়া কাস্টমস

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কাস্টমস। আক্রমণে লোক বাড়িয়ে গোল শোধের চেষ্টা চালাচ্ছে তারা।

জেসিন টিকে-কে তুলে নেওয়া হলো

শেষ ল্যাপে আরও এক পরিবর্তন ইস্টবেঙ্গলের। জেসিন টিকের জায়গায় নামানো হলো রিকিকে।

তৃতীয় গোল ইস্টবেঙ্গলের

স্কোরশিটে নাম তুললেন আকাশ হেমব্রম। ৩-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে বিপক্ষ ডিফেন্ডার রাহুল সোরেনকে কাটিয়ে নীচু ক্রস রাখেন বিলাল। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন আকাশ হেমব্রম।

৮২ মিনিট: পেনাল্টির দাবি ইস্টবেঙ্গলের

আক্রমণে উঠেছিলেন বিলাল। কাট করে বক্সে ঢুকে পড়ে যান তিনি। পেনাল্টির দাবি জানায় ইস্টবেঙ্গল। তবে রেফারি কর্ণপাত করেননি তাতে।

৭৪ মিনিট: নিশ্চিত গোল মিস করলেন জেসিন

ম্যাচে লিড বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। ফাঁকায় কাউন্টার অ্যাটাকে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। কাস্টমসের গোলকিপারকে একা পেয়েও তাঁর হাতে শট মারেন জেসিন।

বার বার আক্রমণে উঠছে কাস্টমস

পরিবর্ত হিসেবে নেমে নজর কাড়ছেন ঝন্টু প্রসাদ। ইস্টবেঙ্গল বক্সে রিকির ভাসানো ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারলেন না তিনি। কিছুক্ষণ পরে ঝন্টুর বাঁক খাওয়ানো বলে গোলের সুযোগ মিস করেন আরিস্তাইদে।

ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামলেন বিলাল ও অনন্থু

রোহিত দানুকে তুলে নেওয়া হলো। তাঁর জায়গায় মাঠে নামলেন মহম্মদ বিলাল। সৌভিক চক্রবর্তীর জায়গায় নামলেন অনন্থু।

জোড়া পরিবর্তন কাস্টমসের

৫৮ মিনিটে দুই বদল করলেন কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। মাঠে নামলে বিক্রম খান ও ঝন্টু প্রসাদ।

গোওওলল: এগিয়ে গেল ইস্টবেঙ্গল

৫২ মিনিট: বক্সের বাঁদিক থেকে আকাশ হেমব্রম বল নিয়ে ওঠেন। তিনি ক্রস বাড়ান বক্সের সামনে দাঁড়ানো রোহিত দানুকে। বল পেয়ে রোহিত পা ছুঁইয়ে গোল করে যান। ডিফেন্ডার ও গোলকিপারের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না।

শুরু দ্বিতীয়ার্ধের খেলা

শেষ প্রথমার্ধ

শেষ হলো ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচের প্রথমার্ধের খেলা। ম্যাচের স্কোর ১-১। ১২ মিনিটে রিকি ঘরামির গোলে লিড নিয়েছিল কাস্টমস। ২৯ মিনিটে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান রোহিত কুমার।

চার মিনিট অতিরিক্ত সময়

নির্ধারিত ৪৫ মিনিটের খেলা শেষ। চার মিনিট এক্সট্রা টাইম দিলেন রেফারি।

রাইট উইং ব্যবহার করে আক্রমণের চেষ্টা ইস্টবেঙ্গলের

ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছেন বিজয় মুর্মু। ৪১ মিনিটের মাথায় তিনি আকাশকে লক্ষ্য করে ক্রস রাখেন বক্সে। তবে ক্লিয়ার করে দেন কাস্টমসের ক্যাপ্টেন রাহুল সোরেন।

৩৬ মিনিট: জোড়া সেভ গৌরবের

ইস্টবেঙ্গলের ত্রাস হয়ে উঠছেন রিকি। বিজয় ও বরিসকে কাটিয়ে বক্সে ঢুকে শট নেন তিনি। সেটা বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব। এর পরে মনোরঞ্জন সিংয়ের শটও সেভ দেন তিনি।

৩৪ মিনিট: লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল

সেটপিস থেকে বক্সে বল রাখেন বরিস সিং। সেই বলে হেড দেন নরেন্দর গাহলট। তবে পোস্টে লেগে ফিরে আসে সেটি।

২৯ মিনিট: রোহিতের গোলে সমতা ফেরাল ইস্টবেঙ্গল

বরিস সিং ডান প্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণে উঠে বক্সে ক্রস রাখেন। সেটি ক্লিয়ার করে দেন কাস্টমসের ডিফেন্ডাররা। কর্নার পায় ইস্টবেঙ্গল। বক্সে ভাসানো বলে ডিফেন্ডারদের এড়িয়ে নিখুঁত হেডে গোল করেন রোহিত কুমার। ম্যাচের ফল হলো ১-১।

ঘরের মাঠে ছন্নছাড়া ইস্টবেঙ্গল

কলকাতা লিগে ভালো ছন্দে থাকলেও বৃষ্টিভেজা মাঠে নজর কাড়তে পারছেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এর মধ্যে চোট পেয়েছিলেন জেসিন টিকে। তবে প্রাথমিক চিকিৎসার পরে খেলায় ফেরেন তিনি।

১৮ মিনিট: আবার সুযোগ পেয়েছিলেন রিকি

বক্সে ক্রস রেখেছিলেন আরিস্তিদে। সেই বল পেয়ে একবারে শট নেওয়ার চেষ্টা করেন রিকি। তবে গৌরব এগিয়ে এসে বাঁচিয়ে দেন। বারবার আক্রমণ শানাচ্ছেন আরিস্তাইদেও।

১২ মিনিট: রিকির গোলে এগিয়ে গেল কাস্টমস

ঘরের মাঠে বিপাকে ইস্টবেঙ্গল। রিকি ঘরামির গোলে লিড নিল কাস্টমস। বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে কাট করে বক্সে ঢোকেন তিনি। ইস্টবেঙ্গলের তিন ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন।

জল-কাদায় মাঠের অবস্থা শোচনীয়

জল কাদায় মাঠে বল গড়ানোই কঠিন হয়ে উঠেছে। তাই ধীর গতিতে খেলা হচ্ছে। তবুও নজর কাড়ছে কাস্টমস।

৮ মিনিট: কাস্টমসের হয়ে অ্যাটাকে রিকি

কাউন্টার অ্যাটাকে উঠেছিল কাস্টমস। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে শট নেন রিকি ঘরামি। তবে সেভ করেন গৌরব সাউ।

৩ মিনিট: ইস্টবেঙ্গলের সুযোগ

ডান প্রান্ত থেকে বক্সে ক্রস রাখলেন বিজয় মুর্মু। ডিফেন্ডারদের এড়িয়ে রোহিত হেড দিলেও বল ছিল না লক্ষ্যে।

প্রথম থেকেই আক্রমণের ঝড়

শুরু থেকেই আক্রমণে যাচ্ছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কাস্টমসের উপরে চাপ বাড়ানোই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের।

শিল্ডেও কলকাতা লিগের দলে ভরসা ইস্টবেঙ্গলের

কলকাতা লিগ শেষ হওয়ার পরেই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল শিল্ডে খেলতে চাইছেন না কোচ হাবাস। ISL-এর আগে বিদেশিদের নিয়ে ঝুঁকি নিতে চাইছিলেন না। তাই প্রথম ম্যাচে কলকাতা লিগের দলেই ভরসা রাখল ইস্টবেঙ্গল।

কোচের পদেও চমক

অর্চিষ্মান বিশ্বাস বা আন্তোনিও লোপেস হাবাস নন, এই ম্যাচ ইস্টবেঙ্গলের ডাগআউটে কোচ হিসেবে থাকছেন বিনো জর্জ।

কাস্টমসের প্রথম একাদশ

দেবজিৎ ঘোষাল, জ্যাকারি এমবেন্দা, রাহুল সোরেন (ক্যাপ্টেন), আরিস্তাইদে ভাইলান্ত চুইতচৌ, সুদীপ হাঁসদা, মার্শাল কিস্কু, রাজিবুল হালদার, মনোরঞ্জন সিং, রাজেন ওঁরাও, প্রসেনজিৎ ঘোষ, রিকি ঘরামি

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

গৌরব সাউ, বিক্রম প্রধান, মনোতোষ চাকলাদার, বরিস সিং, নরেন্দর গাহলট, রোহিত কুমার, সৌভিক চক্রবর্তী (ক্যাপ্টেন), রোহিত দানু, বিজয় মুর্মু, জেসিন টিকে, আকাশ হেমব্রম

বড় চমক ইস্টবেঙ্গলের

প্রথম একাদশে কোনও বিদেশিকে না রেখেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। এমনকী

প্রথম থেকেই জয়ের খোঁজে মরিয়া ইস্টবেঙ্গল

কলকাতা লিগ হাতছাড়া হওয়ার ক্ষত ভুলে শিল্ডে শুরু থেকেই মরিয়া ইস্টবেঙ্গল। তাই প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে জয় তুলে নিতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।

East Bengal vs Calcutta Customs: কোথায় ও কখন দেখবেন?

IFA শিল্ডের এই ম্যাচ আয়োজিত হবে ইস্টবেঙ্গল মাঠে। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে শুরু হবে ম্যাচ। অনলাইনে ম্যাচ দেখানো হবে Fancode App-এ। কলকাতা লিগের মতো, শিল্ডও দেখানো হবে না টিভিতে।

মুখোমুখি ইস্টবেঙ্গল-কাস্টমস

বৃহস্পতিবার IFA শিল্ডে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব।