‘আমার চার বছরের হিসেব দেব, আগের জমানারও চাই...’, প্রফুল-ভাইচুংকে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের

‘আমার চার বছরের হিসেব দেব, আগের জমানারও চাই...’, প্রফুল-ভাইচুংকে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের

নাম না করেই প্রফুল প্যাটেল , ভাইচুং ভুটিয়াদের উদ্দেশে চ্যা‍লেঞ্জ ছুড়ে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে । রবিবার সোশ্যাল মিডিয়ায় কল্যাণ লিখেছেন, তাঁর চার বছরের মেয়াদের কার্যক্রম তিনি প্রকাশ্যে আনবেন। তবে তাঁর আগে সাড়ে ১৩ বছর ধরে প্রেসিডেন্ট পদে থেকে প্রফুল প্যাটেল ঠিক কী কাজ করেছেন, সেই কার্যক্রমও যেন প্রকাশ্যে আনা হয়।

জবাবদিহি এক পক্ষের থাকলেই হবে না

কল্যাণের স্পষ্ট দাবি, ‘আমরা সবাই চাই, ভারতীয় ফুটবলের উন্নয়ন হোক। এর জন্য আমাদের সবারই ভাবনা রয়েছে। ফেডারেশনের নেতৃত্বভার নিলে যে সমালোচনা শুনতে হবে, সেটাও জানি। আমি সেটা গ্রহণও করছি। তবে দায়িত্ববোধের জন্য জবাবদিহি এক পক্ষের থাকলেই হবে না। সংশ্লিষ্ট সবাইকেই জবাবদিহি করতে হবে।’ এ কথা লেখার সঙ্গে কল্যাণ যোগ করেছেন, ‘আমি আমার চার বছরে কী কী করেছিস তার তালিকা দেব। তবে আমার আগে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরাও যেন তাঁদের কর্মকান্ডের তালিকা প্রকাশ্যে আনেন।’

‘আমার চার বছরের হিসেব দেব, আগের জমানারও চাই...’, প্রফুল-ভাইচুংকে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের

প্রফুলের আমলে রোভার্স কাপ উঠে গিয়েছে

২০ ডিসেম্বর AIFF-এর নির্বাচন। প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর প্রদেশ ফুটবল সঙ্ঘের ৭ বছর ধরে দায়িত্বে থাকা অরবিন্দ মেনন। যাঁর রাজ্যে ফুটবলটাই নেই। প্রফুল প্যাটেল শনিবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তায় ‍লিখেছিলেন, তাঁর আমলে ভারতের অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের বিশ্বকাপ হয়েছি‍ল। তিনি AFC-র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ফিফার কাউন্সিল কমিটিতে ছিলেন প্রথম ভারতীয় হিসেবে। কিন্তু এখন তিনি সরে যাওয়ার পরে FIFA বা AFC-তে ভারতের গুরুত্ব কমেছে।

প্রফুলের এই বার্তার পরে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, প্রফুলের আমলেই কিন্তু ভারতের ফুটবলকে ফিফা সাসপেন্ড করেছিল দেড় বছর ধরে নির্বাচন না করার জন্য। প্রফুল দু’যুগের বেশি সময় ধরে মহারাষ্ট্র ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। এ বারও তিনি AIFF নির্বাচনে ভোটার বা প্রয়োজনে ভোট প্রার্থী হওয়ার যোগ্যতা পেয়েছেন মহারাষ্ট্র তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠানোয়। কি‍ন্তু মহারাষ্ট্রেও ফুটবল বেহাল। দেশের অন্যতম প্রাচীন ও সম্মানজনক ট্রফি রোভার্স কাপ উঠে গিয়েছে প্রফুলের জমানাতেই।

‘আমার চার বছরের হিসেব দেব, আগের জমানারও চাই...’, প্রফুল-ভাইচুংকে পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের

ভাইচুংয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন কল্যাণ গোষ্ঠীর

দু’দিন আগে প্রাক্তন ভারতীয় তারকা ভাইচুং ভুটিয়া সহ ১৫ জন প্রাক্তন ফুটবলার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিয়ে কল্যাণকে অপসারণের দাবি জানিয়েছিলেন। এ ব্যাপারে কল্যাণ গোষ্ঠীর পাল্টা তোপ দেগেছে। সমাজমাধ্যমে তারা লিখেছে, ভাইচুং তো কল্যাণের নেতৃত্বাধীন কমিটিতে গত চার বছর ধরে আছেন। তা হলে কল্যাণ যে কাজগুলো করার জন্য সমালোচিত হচ্ছেন, সেই কাজগুলোকে কেন আটকাননি ভাইচুং।

সবচেয়ে বড় কথা, ভাইচুং জানিয়েছেন, কল্যাণ জমানায় ভারতীয় ফুটবল তলিয়ে যাচ্ছে। কিন্তু প্রফুল জমানায় ভাইচুংই ছিলেন ভারতীয় ফুটবলের টেকনিক্যাল কমিটির প্রধান। ২০১৫ সালে FIFA র‌্যাঙ্কিংয়ে ভারত সবচেয়ে খারাপ জায়গা ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল।

আগামী দিনে নিজের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কল্যাণ প্রকাশ করতে চাইছেন প্রফুল ও ভাইচুংদের ভুলত্রুটিগুলো। তবে এখনও পরিষ্কার নয়, কল্যাণ এ বার নির্বাচনে লড়তে পারবেন কিনা। ৩০ নভেম্বর নির্বাচন কমিটির ভোটার তালিকা প্রকাশ হলেই তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা।