কোথায়-কী ভাবে পাবেন মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট?,ছবি: ফেসবুক

কোথায়-কী ভাবে পাবেন মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট? জেনে নিন বিশদে

হারের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিকে ISL-এ ভালো ছন্দে রয়েছে মোহনবাগান। এমন আবহে দীপাবলির আগে বড় সুখবর পেয়েছেন মোহনবাগান সমর্থকরা। রবিবার এক বিশেষ উপহারের কথা জানিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগামী ৫ নভেম্বর ISL-এ ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে নামবে মোহনবাগান। ওই ম্যাচের জন্য দু’টি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে মোহনবাগান সমর্থকদের। কবে ও কী ভাবে সংগ্রহ করবেন এই টিকিট? জেনে নিন বিশদে।

কবে-কোথায় পাওয়া যাবে মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট?

সোমবার এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৩ নভেম্বর, অর্থাৎ মঙ্গলবার মোহনবাগান মাঠের বক্স অফিস (Mohun Bagan Club Ground- Box Office) থেকে এই টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। ওই পোস্টেই স্পষ্ট ভাবে জানানো হয়েছে, আগে এলে আগে পাওয়া যাবে টিকিট (First Come, First Serve)। যতক্ষণ স্টক থাকবে, ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে ফ্রি টিকিট।

কোথায়-কী ভাবে পাবেন মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট?

টিকিট পেতে গেলে কী কী নিয়ম মানতে হবে?

যে কোনও বৈধ পরিচয়পত্র (Valid ID Proof) নিয়ে যেতে হবে। সেটি দেখিয়ে তবেই পাওয়া যাবে মোহনবাগান বনাম ওডিশা এফসি ম্যাচের টিকিট।

প্রত্যেককে সর্বোচ্চ দু’টি করে টিকিট দেওয়া হবে।

কোনও ব্যক্তি একবারই এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

কোথায়-কী ভাবে পাবেন মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট?

মোহনবাগানের ম্যাচ কবে ও কোথায়?

প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায় মোহনবাগান। পরের তিন ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লি, চেন্নাইয়িন এফসি ও পাঞ্জাব এফসিকে হারিয়েছে পানোসের দল। এ বার ওডিশা এফসির চ্যালেঞ্জের মুখে শুভাশিস বসু, জেমি ম্যাকলারেনরা। আগামী ৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশার বিরুদ্ধে নামবে মোহনবাগান।

সমর্থকদের কী বার্তা দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা?

মরশুমের বাকি পর্বেও যে সমর্থকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে, তা জানিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, ‘সমর্থকরাই মোহনবাগানের চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের আবেগ ও ভালোবাসা আমাদের সব সময় অনুপ্রাণিত করে। এই উপহার আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। চলুন, উৎসবের আবহে ঘরের মাঠকে সবুজ-মেরুন রঙে ভরিয়ে তুলি এবং পরের ম্যাচটাকে স্মরণীয় করে রাখি। আপনাকে ও আপনার প্রিয়জনদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই।’

কোথায়-কী ভাবে পাবেন মোহনবাগান ম্যাচের ফ্রি টিকিট?