হাবাসকে দিয়ে হাতেখড়ি, এখন বিপক্ষে, ইস্টবেঙ্গলকে হারিয়ে গুরুদক্ষিণা দিতে চান আল হুসেইন কোচ
AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ ইস্টবেঙ্গলের। চার ম্যাচ খেলে একটাতেও জয় পায়নি লাল-হলুদ ব্রিগেড। দুই পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে আন্তোনিও লোপেজ় হাবাস। এমন আবহে মঙ্গলবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে জর্ডানের ক্লাব আল-হুসেইন এসসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি দুই দলের কাছেই কার্যত মরণবাঁচন লড়াই। তার আগে প্রেস মিটে ‘গুরু’ হাবাস এবং ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ়ের সঙ্গে পুরোনো ‘কানেকশনের’ কথা জানালেন আল হুসেইনের কোচ কুরো তোরেস। কী বললেন তিনি?
‘গুরু’ হাবাস ও দানিকে নিয়ে আবেগপ্রবণ তোরেস
ইস্টবেঙ্গল কোচ হাবাস এবং মিডফিল্ডার দানির সাথে কুরো তোরেসের সম্পর্ক বহু পুরোনো। হাবাসকে নিয়ে প্রশ্ন করা হলে স্মৃতিচারণে মাতেন আল-হুসেইনের কোচ। তিনি বলেন, ‘আন্তোনিওর সঙ্গে ফের দেখা আমার জন্য খুবই খুশির। ২৫ বছর আগে ভ্যালেন্সিয়াতে আমার হেড কোচ ছিলেন হাবাস। ওঁর অধীনে কাজ করেছি। অনুশীলনের পরে হাবাসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।’ শুধু তাই নয়, ইস্টবেঙ্গলের স্প্যানিশ তারকা দানি রামিরেজ়ও আগে খেলতেন ভ্যালেন্সিয়ার ‘বি’ দলে। তাঁর সঙ্গেও এক বছর কাটিয়েছেন আল হুসেইনের কোচ কুরো। সে কথাও মনে করিয়ে দেন তিনি।
আত্মতুষ্টিতে ভুগতে নারাজ, শেষ সুযোগে বাজিমাতে মরিয়া
মূল পর্বে যাওয়ার শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া আল হুসেইনের কোচ। প্রথম লেগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে ২-২ স্কোরে আটকে দিয়েছিল আল-হুসেইন। অ্যাওয়ে ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না কুরো। তাই জর্ডান থেকে কলকাতায় আসার ক্লান্তি ও যাতায়াতের ধকলকে পাত্তা দিতে নারাজ কোচ। বললেন, ‘মঙ্গলবার ৯০ মিনিট সেরাটা দিয়ে খেলতে হবে। পরের রাউন্ডে পৌঁছতে এটাই আমাদের শেষ সুযোগ।’
ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ব্যর্থতায় আত্মতুষ্টিতে ভুগতে নারাজ আল হুসেইন শিবির। গত এক মাসে ইস্টবেঙ্গল কোনও টুর্নামেন্টে জেতেনি। তবে লাল-হলুদ ব্রিগেডের এই অফ-ফর্মকে বাড়তি সুবিধা হিসেবে দেখতে নারাজ তোরেস।
দলে বিশ্বকাপ খেলা একাধিক প্লেয়ার
ইস্টবেঙ্গলের পক্ষে লড়াইটা সহজ হবে না একেবারেই। আল হুসেইন টিমে জর্ডান জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডের চার-পাঁচ জন ফুটবলার থাকবেন। শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ইয়াজান। তবে বাকিরা ফিট।
চার ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘D’-তে দ্বিতীয় স্থানে রয়েছে আল হুসেইন। দুই পয়েন্ট নিয়ে শেষ অর্থাৎ চতুর্থ স্থানে আছে ইস্টবেঙ্গল। তাই মঙ্গলবার যুবভারতীতে সন্ধে ৭টা ১৫ থেকে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।