ছন্নছাড়া ফুটবল, কিউয়িদের বিরুদ্ধে ৫ গোলে লজ্জার হার ভারতের
FIFA আশিয়ান কাপ থেকে নাম সরিয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ব্রাজ়িল, উরুগুয়ে, পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। SAFF কাপেও পূর্ণশক্তির দল পাঠায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। কিন্তু যে সিরিজ়ের জন্য এত প্রস্তুতি, সেই কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ফুটবল দল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ফ্রেন্ডলি ম্যাচে ০-৫ গোলে হেরে গেল ভারত।
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে নজর কাড়তে ব্যর্থ হলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তবে তাঁর কয়েকটি দুরন্ত সেভ না থাকলে আরও গোল হজম করতে হতো ভারতকে। ছন্নছাড়া ডিফেন্স, মাঝমাঠ ও অ্যাটাকের মাঝে ফাঁক এবং পরিকল্পনার অভাবের ফল ভুগল খালিদ জামিলের টিম ইন্ডিয়া।
অপেক্ষাকৃত কম অভিজ্ঞ দল নিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। এর আগে কিউয়িদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে একটিতে ড্র করেছিল ভারতীয় দল। আর একটায় হেরে গিয়েছিল। আজ প্রথম জয়ের খোঁজে নেমেছিলেন রায়ান উইলিয়ামসরা। তবে কিউয়িদের বিরুদ্ধে কার্যত লড়াই করতেই পারল না ভারত।
ছন্নছাড়া ডিফেন্স, প্রথমার্ধে র্যান্ডালের দাপট
৫ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। নিজেদের বক্সে বলে দখল হারান ভারতীয় ডিফেন্ডাররা। প্রথমে সেভ করেন কাইথ। তবে কাট করে বক্সে ঢুকে র্যান্ডালের শট ক্লিয়ার করতে যান প্রমবীর। তা বিজয় ভার্গিসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এর পরে দু’বার হাফ চান্স পেয়ে কাজে লাগাতে পারেননি মনবীর সিং, জিতিস এমএসরা। বরং ম্যাচে আরও জাঁকিয়ে বসে কিউয়িরা।
Full-time in Auckland. #NZLIND #BlueTigers #IndianFootball https://t.co/32ztdLxAQS
৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। গারবেটের বাড়ানো বল ধরে দুরন্ত গতিতে বিজয়কে পরাস্ত করে অ্যাটাকে ওঠেন র্যান্ডাল। তাঁর জোরালো শট ভারতের এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। দিশেহারা ভারতকে আরও বিপাকে ফেলেন সেই র্যান্ডালই। ৪৩ মিনিটে ডি ভ্রিসের কাটব্যাক করে নেওয়া শট আটকান প্রমবীর। কিন্তু বল গিয়ে পড়ে র্যান্ডালের পায়ে। তাঁর ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করতে ভুল করেননি তিনি। ০-৩ পিছিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত।
দ্বিতীয়ার্ধে কামব্যাকের ব্যর্থ চেষ্টা ভারতের, জ্বলে উঠলেন ক্রিস উড
দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ বদল করে ভারত। মাঠে নামেন মহম্মদ সুহেল, জয় গুপ্তা, মেহতাব সিংরা। তবে লাভ হয়নি। ৫৭ মিনিটে চতুর্থ গোল তুলে নেয় নিউ জ়িল্যান্ড। জ্বলে ওঠেন প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। ডান প্রান্ত থেকে এলিয়টের রাখা ক্রসে দুরন্ত হেডে গোল করেন তিনি। প্রায় এক বছর পরে গোল পেলেন ক্রিস।
৬৬ মিনিটে লিস্টনের জায়গায় ভারতের হয়ে নামেন সানান। তবে লাভ হয়নি। মনবীর, রায়ানরা বিক্ষিপ্ত আক্রমণ শানালেও তা গোল পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ৭৪ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বেইলিস। লিয়ামের থেকে ক্রস পেয়ে জোরালো হাফ ভলিতে গোল করেন তিনি।
৭৭ মিনিটে ষষ্ঠ গোল তুলে নিতে পারত নিউ জ়িল্যান্ড। আকাশ মিশ্র নিজেদের বক্সে শেরিডনকে ফাউল করায় পেনাল্টি পায় কিউয়িরা। তবে বিলের শট বাঁচিয়ে দেন বিশাল। এর পরে আর গোল সংখ্যা বাড়াতে পারেনি নিউ জ়িল্যান্ড। ০-৫ গোলে হেরে মাঠ ছাড়ে ভারতীয় দল। রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে নামবে তারা।