ব্রুনোকে আরও বড় শাস্তি দিতে পারত ক্যারিক, চেলসি–ইউনাইটেড ম্যাচের আগে বিশেষ সাক্ষাৎকারে আওয়েন
কুণাল বসু
ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যাটা ঠিক কোথায়? ক্লাবের প্রাক্তন স্ট্রাইকার মাইকেল আওয়েন বলছেন, ‘ভেবেছিলাম মাইকেল ক্যারিক। কিন্তু আমার মনে হয় না, সমস্যাটা একা ক্যারিক। একটা ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডই এখন সমস্যার। ফ্যানেরা প্লেয়ার এবং কর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ। আমার মনে হয়, ফ্যানেরা ঠিক।’
টানা ব্যর্থতার মধ্যেই শনিবার প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে খেলতে নামছে ইউনাইটেড। তার আগে জিওস্টারের মাধ্যমে এই সময়–কে সাক্ষাৎকারে আওয়েন এ ভাবেই তাঁর হতাশা ব্যক্ত করলেন।
ব্রুনো ফের্নান্দেসকে নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রেও ইউনাইটেড কোচ ক্যারিকের পাশে দাঁড়িয়েছেন আওয়েন। গত সপ্তাহে বোর্নমাউথের ম্যাচে ব্রুনোকে খেলাননি ক্যারিক। ট্যাকটিক্যাল কারণ দেখিয়ে পর্তুগিজ় তারকাকে টিমের বাইরে রাখার যুক্তি শোনালেও আসল কারণ কারও অজানা নয়। ম্যানেজার, ট্যাকটিক্স, সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন ব্রুনো। আওয়েনের মন্তব্য, ‘বোর্নমাউথের বিরুদ্ধে টিম হারলেও আমি মনে করি, ক্যারিক ঠিকই করেছে। ম্যানেজারকে বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের কোনও দুর্বলতা দেখানো উচিত নয়।’
এমনকি ব্রুনোকে আরও বড় শাস্তিও দেওয়া যেত, মনে করছেন আওয়েন। তাঁর কথায়, ‘আমার তো মনে হয়, ক্যারিক আরও একধাপ এগিয়ে ব্রুনোকে স্কোয়াড থেকেই বাদ দিতে পারত। এখন দেখার, চেলসির বিরুদ্ধে ওকে খেলায় কি না।’
আজকের ম্যাচ নিয়ে বলতে গিয়ে দুই টিমের তুলনামূলক আলোচনা করেছেন আওয়েন। তাঁর ব্যাখ্যা, ‘গত সপ্তাহে দুই টিমই নিজেদের ম্যাচ হেরেছে। বোর্নমাউথের বিরুদ্ধে ইউনাইটেড হেরেছে বড় স্কোরে (০–৩)। আর চেলসি বিস্ময়কর ভাবে হেরেছে টটেনহ্যামের বিরুদ্ধে। দুই টিমই চাইবে জিতে কামব্যাক করতে। চেলসির খেলা কখনও ভালো, কখনও খারাপ।’ তাঁর সংযোজন, ‘লিগ তালিকায় উপরের দিকে আছে চেলসি। কয়েকজন খুব ভালো প্লেয়ার আছে। জোয়াও পেদ্রো দারুণ ছন্দে ছিল। কিন্তু এখন চোট পেয়েছে। ওর বদলে হয়তো খেলবে ড্যানি ওয়েলবেক। দুই পাশে দুই উইঙ্গার মর্গ্যান রজার্স ও কোল পামার। পেদ্রো না থাকলেও বেশ ভালো অ্যাটাক।’
ইউনাইটেড সম্পর্কে আওয়েনের মন্তব্য, ‘ইউনাইটেডে সবচেয়ে দুর্বল ডিফেন্স। তা ছাড়া মানসিক ভাবেও চেলসি এখন ইউনাইটেডের চেয়ে ভালো জায়গায়। আমার মনে হয়, চেলসি বেশ কয়েকটা গোল করবে। আমার মতে, স্কোর চেলসির পক্ষে ৩–১।’
আজকের খেলা
প্রিমিয়ার লিগ
চেলসি : ম্যানচেস্টার ইউনাইটেড
(সন্ধে ৬–০০)
ম্যানচেস্টার সিটি : ব্রাইটন
(রাত ৮–৩০)
সরাসরি জিওহটস্টার ও স্টার স্পোর্টসে