ইস্টবেঙ্গলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ়,ছবি: X

ইস্টবেঙ্গলকে ACL জেতাতে ছেড়েছিলেন ISL-এর অফার, অজানা গল্প শেয়ার কোচের

AFC চ্যাম্পিয়ন্স লিগ, ISL-এ ইস্টবেঙ্গলের ছেলেদের দলের ব্যর্থতার দিনে ইতিহাস গড়েছে মেয়েরা। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পৌঁছেছে মশাল গার্লসরা। আর এই সাফল্যের অন্যতম কারিগর দলের কোচ হিসেবে অ্যান্থনি অ্যান্ড্রুজ়। তবে চলতি বছরের শুরুতে ইস্টবেঙ্গলের মহিলা দলের দায়িত্ব ছেড়ে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একটি দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছিলেন অ্যান্ড্রুজ়। কিন্তু AFC-র মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্নকে বিসর্জন দেননি তিনি। তাই দীর্ঘ আলোচনার পরেও ISL-এর এই ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এই নিয়ে এক সাক্ষাৎকারে বিশদে জানালেন নিজেই। কী বললেন অ্যান্ড্রুজ়?

ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ়

জানা গিয়েছে, জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই নিয়ে কথাবার্তা। জুন-জুলাই মাস পর্যন্ত আলোচনা এগিয়েছিল। ২০১৪ সালে শুরু হয়েছিল ISL। তখন থেকেই লিগে খেলা দলগুলির মধ্যে অন্যতম ছিল এই দল। তবে এমন টিমের সহকারী কোচ হওয়ার অফার ফিরিয়ে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন অ্যান্ড্রুজ়।

কেন ISL-এর দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ড্রুজ়?

এক সাক্ষাৎকারে অ্যান্ড্রুজ জানান, ISL-এর ক্লাবটির পক্ষ থেকে যাঁরা যোগাযোগ করেছিলেন, তাঁরা যথেষ্ট পেশাদার ছিলেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের স্পষ্ট ধারণা ছিল। কোনও বিষয়েই আপত্তি করেননি। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ছাড়তে মন সায় দেয়নি অ্যান্ড্রুজ়ের। বললেন, ‘আমি সত্যিই যেতে চেয়েছিলাম। কিন্তু যে ইস্টবেঙ্গল দলকে এত আশা ও বিশ্বাস নিয়ে তৈরি করেছি, সেটাই আমাকে আটকে রেখেছিল। যে ফুটবলারদের সঙ্গে এতদিন কাজ করেছি, তাঁদের ছেড়ে যেতে চাইনি। AFC-তে কোয়ার্টারে জায়গা করে নেওয়াই লক্ষ্য ছিল। সবাই চেয়েছিল এই কাজটা একসঙ্গে শেষ করতে।’

ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ়

তখন ISL-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা ছিল। নতুন মরশুম কবে শুরু হবে, তা স্পষ্ট ছিল না। ফলে নতুন কোচ হয়ে চাকরি টিকবে কি না, সেই সন্দেহও ছিল। অন্য দিকে, IWL চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গলে নিজের দায়িত্ব ও কাজের ক্ষেত্রে অনেক বেশি নিশ্চয়তা পেয়েছিলেন অ্যান্ড্রুজ়। সেটাও একটা বড় ভূমিকা নিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ায়।

ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ়

ইস্টবেঙ্গলে আরও কাজ বাকি

অ্যান্ড্রুজ়ের সঙ্গে যুক্ত ট্যালেন্ট এজেন্সির সদস্য মিজ়ফা রিচার্ডসও জানিয়েছেন এই নিয়ে। তাঁর কথায়, ‘ইস্টবেঙ্গলে অ্যান্থনির হাতে দলের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। নিজের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রয়েছে। শেষ পর্যন্ত আমি অ্যান্ড্রুজ়কে বলেছিলাম, থেকে যাওয়াই ভালো। কারণ, ও এমন কিছু তৈরি করেছে, যা কেউ করতে পারেনি। ভারতের মাটিতে ও নিজেকে চিনিয়েছে দিয়েছে। তবে AFC-তে এখনও অনেক প্রমাণ করা বাকি রয়েছে।’