‘স্টেট গেস্ট’ মর্যাদা ব্রাজ়িলকে।,ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রীর নৈশভোজে ভিনিসিয়াসরা, কলকাতায় ‘স্টেট গেস্ট’ মর্যাদা ব্রাজ়িলকে

কলকাতার ফুটবল ইতিহাসে যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়। ৩ অক্টোবর যুবভারতীতে প্রথম বার ভারতের সামনে দাঁড়াবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল (Brazil)। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই শহরে আসছেন ভিনিসিয়াস জুনিয়ররা (Vinicius Junior)। তারকা-খচিত ব্রাজ়িলকে সামনে রেখে ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। এই উত্তেজনার মাঝেই রাজ্য সরকারের তরফেও থাকছে একাধিক বিশেষ আয়োজন।

সরকারি অতিথির মর্যাদা দুই দলকেই

ব্রাজ়িল দলকে বিশেষ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। ভিনিসিয়াস, রাফিনহাদের পাশাপাশি ভারতীয় দলকেও ‘স্টেট গেস্ট’ বা সরকারি অতিথির মর্যাদা দেওয়া হবে। ম্যাচের আগের দিন, ২ অক্টোবর সন্ধ্যায় দুই দলের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেখানে ব্রাজ়িল ও উরুগুয়ে (Uruguay) দলের প্রতিনিধিদের পাশাপাশি ভারতীয় দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দুই দলকে সংবর্ধনাও দেওয়া হবে।

অস্ট্রেলিয়া বনাম ব্রাজ়িল ম্যাচের ছবি।

৩ অক্টোবর ব্রাজ়িলের বিরুদ্ধে খেলবে ভারত। এর তিন দিন পর, ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার কথা ভারতীয় দলের। দুই বিদেশি দলই ২ অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছবে বলে জানা গিয়েছে। ফলে ম্যাচের আগে থেকেই কলকাতায় তৈরি হবে আন্তর্জাতিক ফুটবলের আবহ।

যুবভারতীর গ্যালারিতেও চাঁদের হাট

মাঠের লড়াই দেখতে যুবভারতীর গ্যালারিতে একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের দেখা যেতে পারে। সব ঠিক থাকলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যও ভারত-ব্রাজ়িল ম্যাচ দেখতে কলকাতায় আসতে পারেন। মেগা ম্যাচের জন্য যুবভারতীকে নতুন করে সাজানোর কাজও চলছে। দর্শকদের বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তার উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ম্যাচ ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়া বনাম ব্রাজ়িল ম্যাচের ছবি।

অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ব্রাজ়িল

কলকাতায় আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজ়িল। সেই ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভ্যানডারসনের গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাজ়িল। পরে দুই গোল করে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রাফিনহা। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজ়িল। ৬৯ মিনিটে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে এগিয়ে দেন। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচে ১৫টি শট নেয় ব্রাজ়িল, যার মধ্যে আটটি ছিল গোলমুখে। অস্ট্রেলিয়ার সাতটি শটের মধ্যে গোলমুখে ছিল মাত্র দু’টি।

এ বার সেই আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় আসছেন ভিনিসিয়াস, রাফিনহা, এনড্রিক (Endrick), এস্তেভাও উইলিয়ান (Estevao Willian), জোয়াও পেদ্রোরা (Joao Pedro)। ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় যুবভারতীতে খালিদ জামিলের (Khalid Jamil) ভারতের বিরুদ্ধে নামবে তারকাখচিত ব্রাজ়িল।