ফুটবল মাঠে রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। লোকাল লিগ হোক বা বিশ্বকাপ, এই ছবিটা কমন। যার জেরে নিন্দার মুখে পড়তে হয় রেফারিকে। কিন্তু এ বার রেফারি শিরোনামে এলেন রেফারিংয়ের জন্য নয়, বরং মদ্যপান করে ম্যাচ পরিচালনা করতে নামায়। ঘটনাটি ঘটেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র (AFC Champions League Two) ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল জাজ়িরা (Al Jazira) এবং ইরানের ক্লাব গোল গোহারের (Gol Gohar) মধ্যে। রেফারি হান্না হাত্তাব মদ্যপান করে মাঠে নামায় হাফটাইমে তাঁকে বদলে ফেলতে হয়।
ম্যাচের শুরু থেকেই সিরিয়ান রেফারি হান্না হাত্তাবের (Hanna Hattab) অসংলগ্ন আচরণ ও বিভ্রান্তিকর সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। শুধু তাই নয়, বলের সঙ্গে রেফারির থাকার নিয়ম। কিন্তু হাত্তাব বলের কাছাকাছি থাকা তো দূর, অনেক সময় বলের ট্র্যাক হারিয়ে ফেলছিলেন। যার ফলে হাফ-টাইমে রেফারি পরিবর্তন করতে হয়।
ভুল হলুদ কার্ড দেখানো থেকে বিতর্ক
ঘটনার সূত্রপাত হয় প্রথমার্ধের ৩২তম মিনিটে। খেলা চলাকালীন মাঝমাঠে ইরানি ক্লাব গোল গোহারের ফুটবলার আলি আসগর আশৌরিকে ফাউল করা হয়। বাঁশি বাজিয়ে ফাউল দেওয়ার পর রেফারি হান্না হাত্তাবকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কিছু বুঝতেই পারছেন না। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি পকেট থেকে হলুদ কার্ড বের করে সরাসরি আল জাজ়িরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে দেখিয়ে দেন—যিনি মাঝমাঠে ওই ঘটনার ধারেকাছেও ছিলেন না।
ইতালিয় সংবাদমাধ্যম ‘স্পোর্টমিডিয়াসেট’-এর প্রতিবেদন অনুযায়ী, রেফারির এই অদ্ভুত সিদ্ধান্তে দুই দলের ফুটবলাররাই স্তম্ভিত হয়ে যান। মাঠে তীব্র বাদানুবাদ শুরু হওয়ায় বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। পরে সহকারী রেফারিদের সঙ্গে আলোচনার পর নিজের ভুল বুঝতে পেরে গোলকিপারকে দেখানো কার্ডটি প্রত্যাহার করে নেন হাত্তাব।
Hakem maça sarhoş çıktı, Türk futbolcuya kart gösterdi.
Asya Şampiyonlar Ligi II'nin bir maçında hakemin sarhoş maça çıkması nedeniyle 2. yarıda hakem değiştiridli.
Suriye'li hakem Hanna Hattab çok kötü durumdaydı ve sarhoş olduğu anlaşıldı. Sahada şaşkın şaşkın dolaşırken orta… pic.twitter.com/fAdtOPl4YS
দলগুলো মাঠে না নামার হুমকি দিতেই ব্যবস্থা
কিন্তু বিতর্কের এখানেই শেষ ছিল না। প্রথমার্ধের বাঁশি বাজার সঙ্গে ইরানি ক্লাব গোল গোহারের কর্মকর্তারা ম্যাচ অফিশিয়ালদের কাছে প্রতিবাদ জানান এবং দ্বিতীয়ার্ধে আর মাঠে না নামার হুমকি দেন। ইরানি ক্লাবটির তরফে অভিযোগ তুলে দাবি করা হয় যে, রেফারি হান্না হাত্তাব মাঠে ‘স্বাভাবিক অবস্থায় ছিলেন না’ এবং ম্যাচ কিক-অফ হওয়ার আগে তাঁকে মদ্যপান করতে দেখা গিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে এবং ম্যাচটি বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতে বিরতির সময়ই হাত্তাবকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ান রেফারি হান্না হাত্তাবকে মাঠ থেকে সরিয়ে নিয়ে চতুর্থ রেফারি আম্মার আবু আলৌকে দ্বিতীয়ার্ধের মূল রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই বিষয়ে এখনও পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
FAQ
কোন ম্যাচে রেফারি বদলের এই নজিরবিহীন ঘটনা ঘটেছে?
উত্তর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল জাজিরা এবং ইরানের ক্লাব গোল গোহারের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে।
৩২তম মিনিটে রেফারি হান্না হাত্তাব কী অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন?
উত্তর: মাঝমাঠে গোল গোহারের আলি আসগর আশৌরিকে ফাউল করার ঘটনায় রেফারি হান্না হাত্তাব বিভ্রান্ত হয়ে আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, যদিও পরে তা প্রত্যাহার করা হয়।
ইরানি ক্লাব গোল গোহার রেফারির বিরুদ্ধে কী অভিযোগ তুলেছিল?
উত্তর: বিরতির সময় গোল গোহার ম্যাচ না খেলার হুমকি দিয়ে অভিযোগ তোলে যে রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং কিক-অফের আগে তাঁকে মদ্যপান করতে দেখা গিয়েছে।
বিরতির পর কে মূল রেফারির দায়িত্ব পালন করেন?
উত্তর: বিরতিতে সিরিয়ান রেফারি হান্না হাত্তাবকে সরিয়ে চতুর্থ রেফারি আম্মার আবু আলৌকে মূল রেফারি হিসেবে নিয়োগ করা হয়।
এই ঘটনায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) কি কোনো ব্যবস্থা নিয়েছে?
উত্তর: না, এই চাঞ্চল্যকর অভিযোগ ও রেফারি বদলের ঘটনায় এএফসি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।