১৫ মিনিটে হ্যাটট্রিক, চোখধাঁধানো ফ্রি কিকে ১০০০ গোলের আরও কাছে রোনাল্দো
পেশাদার ফুটবলের ইতিহাসে তাঁর মতো ডেড-বল স্পেশালিস্ট খুব কমই দেখেছে বিশ্ব। কয়েক পা পিছিয়ে যাওয়া, দুই পা ফাঁক করে বুক চিতিয়ে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নেওয়া এবং তারপর ডান পায়ের নিখুঁত শটে বলকে বাতাসে ভাসিয়ে আচমকা দিক বদলে জালে আছড়ে ফেলা—ক্রিস্তিয়ানো রোনাল্দোর এই ট্রেডমার্ক ফ্রিকিক রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী দিনগুলোর মতোই আবারও জীবন্ত হয়ে উঠল সৌদি আরবের রিয়াধে। বৃহস্পতিবার রাতে আওয়াল পার্কে সেই অবিস্মরণীয় ফ্রিকিক এবং মাত্র ১৫ মিনিটের বিধ্বংসী এক হ্যাটট্রিকে ভর করে আল খোলোদকে ৫-৩ ব্যবধানে হারাল আল নাসের।
প্রথমার্ধে বাতিল দুই গোল
বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের ভোটে লিওনেল মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের ৭০ বছরের ইতিহাসে ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ (B.O.A.T.) ট্রফি জয়ের ঠিক পরেই মাঠে নেমেছিলেন রোনাল্দো। ফুরফুরে মেজাজে থাকা ৪১ বছর বয়সি মহাতারকার আগুনে রূপ দেখে স্তব্ধ হয়ে গেল প্রতিপক্ষ। ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরা। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গুসের গোলে আল খোলোদ এগিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও সাদিও মানে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগে আন্তোয়ান এসোম্বার গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে আল খোলোদ। প্রথমার্ধেই রোনাল্দো দু’বার বল জালে জড়ালেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করেন।
A post shared by نادي النصر السعودي (@alnassr)
দ্বিতীয়ার্ধে ম্যাজিক রোনাল্দোর
তবে আসল ম্যাজিকটা তোলা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। ম্যাচ যখন ২-২ এ চলছে, তখনই একার কাঁধে ম্যাচের রাশ টেনে নেন রোনাল্দো। ৬৬তম মিনিটে সতীর্থ হোয়াও ফেলিক্সের পাস থেকে বাঁ পায়ের আলতো ফিনিশে দলকে ৩-২ এগিয়ে দেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর, অর্থাৎ ৭২তম মিনিটে বক্সের ভেতরে বড় জাম্পে শরীর বাতাসে ভাসিয়ে দর্শনীয় এক হেডে স্কোরলাইন ৪-২ করেন।
Ronaldo🔥 pic.twitter.com/xBg7rgoKrc
কিন্তু ম্যাচের সেরা দৃশ্যটি দেখা যায় ৮১তম মিনিটে। বক্সের বেশ খানিকটা বাইরে আল নাসের যখন ফ্রিকিক পায়, তখন গ্যালারিজুড়ে হাজার হাজার সমর্থক মোবাইল ক্যামেরা তাক করে দাঁড়িয়ে পড়েন। বলের সামনে নিজের সেই চেনা স্টান্সে দাঁড়ান রোনাল্দো। শট নেওয়ার পর বলটি যেন মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে মানবপ্রাচীরের ওপর দিয়ে সুইং করে বিদ্যুৎগতিতে জড়িয়ে যায় পোস্টের কর্নারে। কোনও নড়াচড়া করার সুযোগই পাননি আল খোলোদ গোলরক্ষক। এই অনবদ্য ফ্রিকিক গোলের সঙ্গে রোনাল্দো হ্যাটট্রিক করেন—প্রথমে বাঁ পা, তারপর হেড এবং পরিশেষে ডান পায়ের ট্রেডমার্ক ফ্রিকিকে পূরণ করলেন হ্যাটট্রিক।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রোনাল্দো লিখেছেন, ‘দারুণ এক জয়, দারুণ এক দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে দারুণ লাগছে।’
A post shared by Cristiano Ronaldo (@cristiano)
ইতিহাস লিখতে বাকি আর ১৫ গোল
সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে এটি ছিল রোনাল্দোর সপ্তম হ্যাটট্রিক এবং সামগ্রিক ফুটবল কেরিয়ারে ৬৭তম। এর মধ্যে ১১টি হ্যাটট্রিকই পারফেক্ট হয়েছে। এই চোখধাঁধানো ফ্রিকিক ও তিন গোলের সুবাদে পেশাদার ফুটবলে রোনাল্দোর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫-তে। ফুটবলের ইতিহাসে প্রথম মানুষ হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে সিআর সেভেনের প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। প্রতিদ্বন্দ্বী মেসির (৯৩৬) সঙ্গে গোলের ব্যবধান ৪৯-এ বাড়িয়ে নিয়ে রোনাল্দো যেন আবারও প্রমাণ করলেন—বয়স চল্লিশ পেরোলেও, বল যখন ফ্রিকিকের স্পটে বসে, তখন তিনিই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার।