চলছে প্র্যাকটিস,Ei Samay

ভাঙা টিম নিয়ে আইএফএল শুরু মহামেডানের

এই সময়: সাবেক আই লিগ অর্থাৎ এখানকার আইএফএল অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগে আজ শনিবার থেকে অভিযান শুরু করছে অত্যন্ত খারাপ অবস্থায় দাঁড়িয়ে। ইনভেস্টর না থাকা। রাজ্য সরকারের সাহায্য না পাওয়ার পাশাপাশি ফিফা ব্যানের মধ্যে থাকায় প্রথম ম্যাচের আগে ১৮ জনও ফুটবলারও প্র্যাক্টিসে ছিলেন না।

কল্যাণীর মাঠে আজ সাদা কালো ব্রিগেডের প্রথম ম্যাচ লাজং এফসির বিরুদ্ধে। তবে ক্লাবের কাছে স্বস্তির খবর একটাই, শেষ সময়ে কো ইনভেস্টর হিসেবে মহামেডানের পাশে দাঁড়িয়েছে লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাব সচিব ওয়াসিম আক্রম বলেছেন, ‘ ইনভেস্টর হিসেবে আমাদের সঙ্গে দুটো বড় কোম্পানির কথা এগিয়েছিল। কিন্তু ফিফার ব্যান থাকায় তারা এগিয়ে আসেনি। সেখানে লাক্সারি লিভিং ফার্নিচার আমাদের পাশে দাঁড়ানোয় আমরা ওদের ধন্যবাদ জানাচ্ছি।’

ফিফা ব্যান উঠলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিদেশি ফুটবলার আনার পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের। তবে তার আগে ৯ ম্যাচ তাদের খেলতে হবে এমনই ভাঙা টিম নিয়ে। দেশের দ্বিতীয় সারির এই ফুটবল লিগ টিভিতে সম্প্রচার করবে ডিডি স্পোর্টস আর ডিজিট্যাল প্ল্যাটফর্মে ‘জি়’এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ।