ক্রিস্তিয়ানো রোনাল্দো,ছবি: Cristiano

ফুটবল ছাড়তেই দ্বিতীয় ইনিংসের ঘোষণা, এ বার অভিনয় জগতে রোনাল্দো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোনাল্দো এখন আল নাসেরের হয়ে ক্লাব ফুটবলে খেলছেন। কবে সব ধরনের ফুটবল থেকে অবসর নেবেন সেটা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতেই রোনাল্দো তাঁর কেরিয়ারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন। এ বার বিনোদন জগতে বিনিয়োগ করলেন তিনি। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, তাঁর প্রযোজিত প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ (Day Ones) তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রোনাল্দো এই খবর শেয়ার করে লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো 'ডে ওয়ানস'-এর প্রোডাকশন শুরু হলো। সামনে আরও চমক আসছে।’

আল নাসেরের অনুশীলনে ক্রিস্তিয়ানো রোনাল্দো

নেপথ্যে রোনাল্দোর নিজস্ব প্রযোজনা সংস্থা

ফুটবলনির্ভর এই স্ক্রিপ্টেড ড্রামা সিরিজ়টি তৈরি হচ্ছে রোনাল্দোর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইউআর মার্ভ স্টুডিওস’ (UR Marv Studios)-এর ব্যানারে, ২০২৫ সালে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন রোনাল্দো। ‘কিংসম্যান’, ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ এবং ‘স্টারডাস্ট’-এর মতো সুপারহিট সিনেমা পরিচালনার জন্য হলিউডে সমাদৃত ভন এই সিরিজ়ের প্রথম পর্বটি পরিচালনা করবেন। প্রযোজনা সংস্থার চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস নিশ্চিত করেছেন, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্দো এই সিরিজ়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি সীমিত সংখ্যক পর্বে নিজের বাস্তব চরিত্রেই পর্দায় হাজির হবেন। অর্থাৎ, তাঁর ক্যামিও দেখা যাবে।

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

বিখ্যাত ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে ১০ পর্বের এই সিরিজ়ের চিত্রনাট্য সাজানো হয়েছে। সিরিজ়টিতে ব্রিটিশ ফুটবলের নেপথ্যের বাণিজ্যিক দিক এবং দলবদলের ঝুঁকিপূর্ণ দর-কষাকষির জগতকে তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে রয়েছেন স্ট্যানলি ডাল্টন নামে এক দাপুটে ফুটবল এজেন্ট, যে চরিত্রে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ খ্যাত জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। পাশাপাশি এক প্রতিভাবান তরুণ ফুটবলারের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্নপূরণ এবং খ্যাতি ও অর্থ পাওয়ার পরও পুরনো বন্ধুদের প্রতি তাঁর বিশ্বাসের গল্প এতে ফুটিয়ে তোলা হবে। ইনস্টাগ্রাম পোস্টে রোনাল্দো অভিনেতা লুইস, ম্যাথিউ ভন ও ব্রিটিশ র‍্যাপার ডেভের ছবির পাশাপাশি ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের একটি ছবিও শেয়ার করেছেন।

আল নাসেরের অনুশীলনে ক্রিস্তিয়ানো রোনাল্দো

সিরিজ়ের চমক থিয়েরি অঁরি

সিরিজ়ের অন্যতম বড় চমক হলো আর্সেনাল ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরির উপস্থিতি। এছাড়া বাফটাজয়ী নির্মাতা ড্যান মেজার রয়েছেন প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে। পর্তুগিজ ও আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমগুলির দাবি অনুযায়ী, প্যারামাউন্ট প্লাস (Paramount+) এই সিরিজ়টি দেখানো হতে পারে।

নিজের প্রথম প্রযোজনা নিয়ে রোনাল্দো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলকে ঘিরে। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ সব গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির এক অন্য দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। বন্ধু ম্যাথিউ ভনের সঙ্গে বিনোদন জগতে প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো একজন মানুষ ও প্রাক্তন ফুটবলারকে পাশে পাওয়াটা এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।’