মেসি ম্যাচের প্রতারিত দর্শকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর।,ছবি: সংগৃহীত

মেসি ম্যাচের প্রতারিত দর্শকদের ২২ হাজার ফ্রি টিকিট, ব্রাজ়িল ম্যাচের পর বড় ঘোষণা শুভেন্দুর

ব্রাজ়িল ম্যাচ শেষ হতেই যুবভারতী থেকে বড় ঘোষণা। গত বছর লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত দর্শকদের জন্য এ বার ২২ হাজার বিনামূল্যের টিকিট। আগামী ৬ অক্টোবর ভারত (India)-উরুগুয়ে (Uruguay) ম্যাচে সেই টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনলাইনে মেসি ম্যাচের টিকিট কেটেছিলেন, এমন দর্শকদের মধ্যেই এই টিকিট দেওয়া হবে।

শনিবার ভারত-ব্রাজ়িল ম্যাচ শেষে যুবভারতীতে দাঁড়িয়েই এই ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মেসিকে দেখতে যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়া হবে। উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ তাঁরা বিনা খরচে দেখতে পারবেন। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেওয়া হবে।’

মেসি ম্যাচে বঞ্চিতদের জন্য এবার অন্য ম্যাচের টিকিট

গত বছরের ডিসেম্বর যুবভারতীতে মেসিকে দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার দর্শক। অনেকেই আগেভাগে টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। কিন্তু অনুষ্ঠান ঘিরে প্রবল ভিড় এবং বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ায় বহু দর্শক প্রত্যাশা মতো মেসিকে দেখতে পারেননি। পরিস্থিতি সামলাতে মেসিকেও দ্রুত অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। সেই ঘটনার পর টিকিট বিক্রি থেকে শুরু করে আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা— সব কিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। টিকিট কেটেও বঞ্চিত দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও সামনে এসেছিল। কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে দীর্ঘ দিন কোনও স্পষ্ট সমাধান হয়নি। এ বার সেই দর্শকদেরই একাংশের জন্য নতুন সিদ্ধান্ত। মেসি ম্যাচের অনলাইনে টিকিট কেনার তথ্যের ভিত্তিতে ২২ হাজার দর্শককে ৬ অক্টোবরের ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে।

ব্রাজ়িলের পর উরুগুয়ে, ফের যুবভারতীতে বড় ম্যাচ

ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচের মাত্র তিন দিন পরই যুবভারতীতে নামবে ভারত। ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচ ঘিরেও কলকাতায় আগ্রহ তৈরি হয়েছে। ফলে ব্রাজ়িলের পর ফের একটি বড় আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। আর মেসি ম্যাচে টিকিট কেটেও যাঁরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁদের মধ্যে ২২ হাজার জন এ বার বিনামূল্যেই যুবভারতীতে বসে ভারত-উরুগুয়ে ম্যাচ দেখতে পারবেন।