এই সময়: রাত পোহালেই আবার কঠিন লড়াইয়ের সামনে মোহনবাগান । ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ। পাঞ্জাব পয়েন্ট টেবলে মোহনবাগানের উপরে। তিন ম্যাচে ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। সেখানে সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ৬। ঘরের মাঠে জয়ের জন্য ঝাঁপাবে পানোসের টিম, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু টিমের খেলায় সেই ছন্দ নেই। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে কোনওরকমে জয় এসেছে। সমর্থকরা ইতিমধ্যেই দাবি তুলেছেন কোচকে সরানোর। যদিও মোহনবাগান কোচ এ সব কথায় কান দিচ্ছেন না। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে তিনি স্পষ্টই বলে দিয়েছিলেন, কে কী বলছেন, তা নিয়ে তিনি ভাবেন না। আইএসএলেও সেই দর্শনেই টিমকে খেলাচ্ছেন গ্রিক কোচ পানোস।
ইস্টবেঙ্গল আপাতত আইএসএলের ভাবনা দূরে সরিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু নিয়ে ব্যস্ত। ৩ নভেম্বর ঘরের মাঠে আলসিবের বিরুদ্ধে ম্যাচ। এই ম্যাচে জিতলে পরের রাউন্ডে যাওয়ার আশা থাকবে আন্তেনিও আবাসদের। ওমানে গিয়ে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এসেছে লাল হলুদ। ভালো খেলেও গোলের দরজা খোলা যায়নি। এ বার ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপাতে তৈরি রশিদ–ডেভিডরা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে আশা শেষ হয়ে যাবে।