চার্চিলকে ২-১ হারাল মোহনবাগান।,ছবি: MBSG

মনবীরের ভুলে পেনাল্টি, ত্রাতা হলেন বিশাল, চার্চিলকে হারিয়ে ডার্বির আগে স্বস্তি মোহনবাগানে

২ গোলে এগিয়ে থাকার পরও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত স্বস্তি পেল না মোহনবাগান । বরং ৮৪ মিনিটে পেনাল্টি থেকে চার্চিল ব্রাদার্সের গোলের পর ফতোরদা স্টেডিয়ামে তৈরি হলো নতুন উত্তেজনা। একের পর এক আক্রমণে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাল গোয়ার দল। অতিরিক্ত সময়েও বারবার বাগানের রক্ষণে হানা দিল তারা। কিন্তু শেষ পর্যন্ত জমাট রক্ষণ এবং বিশাল কাইথের দুরন্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে ISL-এ টানা পঞ্চম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে আবার লিগ টেবলের শীর্ষে উঠে এল কলকাতার দল। ২৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বির আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে জেমি ম্যাকলারেনদের।

ছাংতের গোলে এগিয়ে মোহনবাগান

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে মোহনবাগান। তবে চার্চিল ব্রাদার্সও প্রথম দিকে রক্ষণে যথেষ্ট সতর্ক ছিল। ফলে সহজে গোলের মুখ খুলতে পারছিলেন না জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসোরা। ম্যাচের তিন মিনিটেই দেজ়ান দ্রাজ়িচের শট আটকে দেন চার্চিল গোলকিপার অনুজ কুমার। পরে শুভাশিস বসুর ক্রস থেকেও সুযোগ তৈরির চেষ্টা করে বাগান। ২১ মিনিটে ছাংতের ক্রস থেকে লিস্টনের হেডও সামলে দেন অনুজ।

তবে ২৬ মিনিটে আর রুখতে পারেনি চার্চিলের ডিফেন্স। বাঁ-দিক থেকে আক্রমণ তৈরি করে দ্রাজ়িচ বল বাড়ান ম্যাকলারেনকে। তাঁর পাস থেকে কাছাকাছি জায়গায় বল পেয়ে জালে জড়িয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। চলতি ISL-এ মোহনবাগানের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি করে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে সবুজ-মেরুন।

চার্চিলের বিরুদ্ধে ISL-এর ম্যাচে মোহনবাগান ফুটবলারদের সেলিব্রেশন।

গোল খাওয়ার পর অবশ্য চুপ করে বসে থাকেনি চার্চিল। বরং প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের গতি বাড়ায় তারা। রশিদ ও সানাথোইকে তুলে সেবাস্তিয়ান গুতিয়েরেস এবং স্টেন্ডলি ফার্নান্ডেজ়কে নামানোর পর চার্চিলের খেলায় আরও ধার আসে। গুতিয়েরেসের শট থেকে বিপদ তৈরি হয়েছিল। তবে বিশাল কাইথের দক্ষতায় গোল পায়নি গোয়ার দল। কর্নার থেকেও কয়েক বার আক্রমণ গড়ে তোলে তারা। একবার কাইথের সঙ্গে চার্চিলের ডিফেন্ডার ওকোরোর ধাক্কাধাক্কিও হয়। দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়ায় বিরতির সময়ে। হস্তক্ষেপ করতে হয় দুই দলের কোচ, রেফারিকে। যাইহোক প্রথমার্ধে ১-০ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে মোহনবাগান।

থাপার গোলে ব্যবধান বাড়াল বাগান

দ্বিতীয়ার্ধের শুরুতে চার্চিল আক্রমণে ওঠার চেষ্টা করে। মাঝমাঠে বলের দখল নেওয়ার পাশাপাশি দূর থেকে শটও নিতে থাকে তারা। লিকের একটি জোরালো শট আটকে দেন কাইথ। অন্য দিকে, মোহনবাগানও সুযোগ খুঁজছিল ব্যবধান বাড়ানোর। ৫৩ মিনিটে ছাংতে ও লিস্টনকে তুলে অনিরুদ্ধ থাপা এবং মনবীর সিংকে মাঠে নামান কোচ। পরিবর্ত হিসেবে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন থাপা।

৬১ মিনিটে বাগামেপ দ্বিতীয় গোল। উৎস সেই ম্যাকলারেন। তাঁর বাড়ানো বল থেকে জালে বল পাঠিয়ে মোহনবাগানের ব্যবধান ২-০ করেন অনিরুদ্ধ থাপা। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে এটি ছিল ম্যাকলারেনের দ্বিতীয় অ্যাসিস্ট। চোটের কারণে মাঠের বাইরে থাকার পর, দলে ফিরে অস্ট্রেলীয় স্ট্রাইকার আরও এক বার প্রমাণ করলেন, বাগানের আক্রমণ ভাগে কতটা গুরুত্বপূর্ণ তিনি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও মজবুত করার সুযোগ ছিল মোহনবাগানের সামনে।

এর পর ম্যাকলারেন ও দ্রাজ়িচকে তুলে লি এরউইন এবং কিয়ান নাসিরিকে নামানো হয়। আক্রমণে নতুন শক্তি আনার পাশাপাশি ম্যাচের গতি ধরে রাখাই ছিল লক্ষ্য। তবে ব্যবধান বাড়াতে পারেনি বাগান। বরং চার্চিল ফের আক্রমণে ঝাঁপায়। লিকের দূরপাল্লার শট কাইথ আটকে দেন। অন্য দিকে, মোহনবাগানের হয়ে শুভাশিসের ক্রস থেকে মনবীরের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৫ মিনিটে লি এরউইনের ফ্রি-কিক থেকে সমীর জ়েলকোভিচের প্রচেষ্টাও আটকে দেন অনুজ। ফলে ম্যাচে দুই দলের কাছেই একাধিক গোলের সুযোগ তৈরি হচ্ছিল।

চার্চিলের বিরুদ্ধে ISL-এর ম্যাচে মোহনবাগান ফুটবলারদের সেলিব্রেশন।

পেনাল্টিতে গোল গুতিয়েরেসের, শেষ মুহূর্তে চাপ

ম্যাচের শেষ ১৫ মিনিটে চার্চিলের আক্রমণের ঝাঁজ আরও বাড়ে। ৭৬ মিনিটে দেনির শট সাইড নেটে লাগে। এর পর ৮৪ মিনিটে বক্সের মধ্যে ভিন্সি ব্যারেটোকে ফাউল করেন মনবীর সিং। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করে চার্চিলকে ম্যাচে ফিরিয়ে আনেন গুতিয়েরেস। এই নিয়ে চলতি ISL-এ তাঁর গোলসংখ্যা চার। ইস্টবেঙ্গলের একে লোবার সঙ্গে যুগ্ম ভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এলেন তিনি।

গোলের পর চার্চিলের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে তারা। স্টেন্ডলি ফার্নান্ডেজ়ের একটি বিপজ্জনক শট দুরন্ত দক্ষতায় আটকে দেন কাইথ। নির্ধারিত সময়ের পর আরও ছয় মিনিট যোগ করেন রেফারি। সেই সময়টুকুতেও চার্চিল আক্রমণ থামায়নি। গুতিয়েরেসের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্য দিকে, বক্সের কাছে বিপদ সামাল দিতে একাধিক বার হস্তক্ষেপ করতে হয় মোহনবাগান ডিফেন্ডারদের। সমীর জ়েলকোভিচকে তুলে আলবার্তো রদ্রিগেজকে নামিয়ে রক্ষণ আরও শক্ত করার চেষ্টা করেন কোচ।

শেষ পর্যন্ত চার্চিলের যাবতীয় চেষ্টা আটকে দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে মোহনবাগান। ম্যাচের শেষ দিকে যে চাপ তৈরি হয়েছিল, তা সামলে জয় ছিনিয়ে নেওয়াই এই ম্যাচে বাগানের বড় প্রাপ্তি। একই সঙ্গে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে উঠে এল তারা। এ বার সামনে ডার্বি। ২৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে এই জয় এবং দলের আক্রমণভাগের ছন্দ— দু’টোই স্বস্তি দেবে মোহনবাগান কোচ পানাগিয়োটিস দিমপেরিসকে।