বাকুতে ওয়ার্ল্ড কাপে আজ লড়াই ভারতের, ব্লু প্রিন্ট তৈরি করেছেন আর্সেন ওয়েঙ্গার
এই সময়: সারা বিশ্বের গ্রাসরুট পর্যায়ের ফুটবলারদের একই রকম আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ দিতেই আজ আজেরবাইজ়ানের বাকুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৫ বছর বয়সি ছেলেদের নিয়ে ফিফার ওয়ার্ল্ড কাপ ও ফেস্টিভ্যাল। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টর প্রধান আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বেই তৈরি হয়েছে ১৮৯ দেশকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের ব্লু প্রিন্ট। ফিফার ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় আর্সেনালের প্রাক্তন কোচ ওয়েঙ্গার বলেছেন, ‘সারা বিশ্বে ফুটবল প্রতিভার শেষ নেই। কিন্তু সমস্যা হচ্ছে, সব প্রতিভা নিজেদের মেলে ধরার মতো একই রকম আন্তর্জাতিক মঞ্চ পায় না। এই প্রথমবার ফিফা সারা বিশ্বের গ্রাসরুট পর্যায়ের ফুটবলারদের জন্য এই নতুন টুর্নামেন্ট চালু করেছে।’
আজ শনিবার থেকে এই টুর্নামেন্টে খেলবে ভারতের টিমও। এইট–আ–সাইড এই টুর্নামেন্টে গ্রুপ লিগে ভারতের প্রথম প্রতিপক্ষ ফিফা তালিকায় পিছিয়ে থাকা লাওস হলেও পরের প্রতিদ্বন্দ্বীরা ক্যামেরুন, গ্রেনাদা, বাহরিন ও সেনেগাল সবাই এগিয়ে। ভারতের কোচ বিবিয়ানো ফের্নান্দেস অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেছেন, ‘এটা একটা দারুণ সুযোগ আমাদের দেশের উঠতি ফুটবলারদের কাছে। আমরা এখানে শুধু অংশ নিতে নয়। যাচ্ছি প্রতিযোগিতায় লড়তেই। প্রতিপক্ষরা কঠিন হলেও আমাদের ছেলেরা ইতিবাচক মনোভাব নিয়েই লড়বে। শিখবে বিভিন্ন দেশের ফুটবল কালচার, ভ্যারিয়েশনও।’
গত দু’বছর ধরে ভারতের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে ঘুরে এআইএফএফের প্রায় ৬০ জন স্পটার অনূর্ধ্ব ১৫ বছর বয়সি ৩৬৫ জন ফুটবলারকে বেছেছিলেন। হায়দরাবাদ ও ভুবনেশ্বরে ট্রায়ালের মাধ্যমেই বাকুর জন্য বিবিয়ানো বেছে নিয়েছেন সেরা ১৪ জনকে।