গাজ়ায় যুদ্ধের প্রতিবাদ, ইজ়রায়েলিদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ আইরিশদের
এই সময়: গ্রিসের কাছে জার্মানির হার। রোনাল্দোহীন পর্তুগালের নরওয়েকে হারিয়ে দেওয়া। খাবি এর্নান্দেসের নেদারল্যান্ডসের প্রথম জয়। রবিবার রাতে উয়েফা নেশন্স লিগে এ রকম অনেক খবরই ছিল। কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়েছে ইজ়রায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচ।
গাজ়ায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়া নিয়ে ইজ়রায়েলের আগ্রাসী নীতির নিন্দায় সরব ইউরোপের অনেক দেশই। অনেক ক্রীড়াবিদও এ নিয়ে মুখ খুলেছেন মাঝেমাঝে। এ বার নেশন্স লিগের সূচিতে ইজ়রায়েলের বিরুদ্ধে ম্যাচ পড়ার পর থেকেই সরব আইরিশরা। ফ্যানেদের গ্রুপ থেকে ফুটবলাররা অনেকেই ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর দাবি তুলেছিলেন। রাশিয়ার মতো ইজ়রায়েলকেও খেলাধুলো থেকে নির্বাসিত করার দাবি উঠেছে।
গত শনিবার আয়ারল্যান্ডে দীর্ঘ মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় আইরিশরা ম্যাচটি খেলবে। এক গোলকিপার তার পরেও বয়কট করেছেন ইজ়রায়েল ম্যাচ। শেষ পর্যন্ত সোমবার ইজ়রায়েলের হোম ম্যাচটি খেলা হলো দেবরেসেনে। গণ্ডগোল এড়াতে ম্যাচটিতে অ্যাওয়ে ফ্যানদের থাকার অনুমতি দেওয়া হয়নি। ১০০–২০০ জন ইজ়রায়েলি সমর্থক এসেছিলেন। ইজ়রায়েলের জাতীয় সঙ্গীতের সময়ে আইরিশ ফুটবলাররা মাথা নিচু করেছিলেন। ম্যাচের আগে তাঁরা হাতও মেলাননি ইজ়রায়েলি ফুটবলারদের সঙ্গে। শেষ পর্যন্ত ৩–০ জেতে আয়ারল্যান্ড। ইজ়রায়েলি ফুটবলাররা অবশ্য ‘অপমানে’র বদলা নেওয়ার হুমকি দিয়েছেন।
এ দিকে, য়ুরগেন ক্লপের জার্মানি দ্বিতীয় ম্যাচে হেরে গেল গ্রিসের কাছে। ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রিওস কুরবেলিস। অসলোয় আর্লিং হাল্যান্ডের নরওয়েকে ২–১ হারাল পর্তুগাল। জোয়াও ফেলিক্স ও গন্সালো রামোস গোল করেন পর্তুগালের হয়ে। হাল্যান্ড একটি গোল শোধ দেন। মেক্স মিরডিঙ্কের জোড়া গোলে সার্বিয়াকে ২–১ হারিয়েছে নেদারল্যান্ডস।