এই সময়: কোনও কোচই চান না টুর্নামেন্টের মাঝে তাঁর টিমের উইনিং কম্বিনেশন ভাঙতে। কিন্তু ঢাকাতে সাফ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ লিগের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩–২ জিতেও ভারতের কোচ নৌসাদ মুসাকে আজ মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে নতুন কম্বিনেশন তৈরি করতে হচ্ছে।
পাকিস্তান ম্যাচে খেলা প্রথম একাদশের ৫ ফুটবলারকে দেশে ফিরিয়ে এনেছে এআইএফএফ। তার বদলে টিমের সঙ্গে যোগ দিয়েছেন আরও ৭ ফুটবলার। দু’দিনের প্র্যাক্টিসে মুসা এই ৭ জনকে তাঁর টিমের সঙ্গে কতটা সেট করতে পেরেছেন, সেটা অবশ্য বোঝা যাবে ম্যাচেই।
গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচে ভারতকে ম্যাচটা ড্র করতেই হবে। তিন টিমের গ্রুপ ‘বি’তে এখন ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। তাদের গোলের গড় +২। ভারতের ১ ম্যাচে ৩ পয়েন্ট। গোলের গড় +২। মালদ্বীপকে গ্রুপের প্রথম দুইয়ে ঢুকতে হলে ভারতকে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।
ভারতের কোচ মুসা অবশ্য ড্রয়ের কথা ভাবছেনই না। তিনি ম্যাচটা জিতে সেমিফাইনালে উঠতে মরিয়া। গ্রুপে প্রথম না হলে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বাংলাদেশের। এই টুর্নামেন্টে একমাত্র ভারতই অনূর্ধ্ব ২৩ টিম নিয়ে খেলছে। কারণ ভারতের সিনিয়র টিম খালিদ জামিলের প্রশিক্ষণে নিউ জ়িল্যান্ডে ফিফা ফ্রেন্ডলি খেলতে গিয়েছে। জুনিয়রদের নিয়ে খেলা হলেও তা নিয়েই কোনও আক্ষেপ নেই কোচ মুসার।
তিনি বলেছেন, ‘আমি এই অনূর্ধ্ব ২৩ টিম নিয়ে দু–বছর ধরে কাজ করছি। তাই এই ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি। তাই এদের নিয়ে আমি কাপ জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।’ যে ৭ জনকে মুসা শেষ সময়ে হাতে পেয়েছেন, তাঁদের অনেকেই অবশ্য ভারতের সিনিয়র টিমে খেলে ফেলেছেন। ম্যাকার্টন, পিভি বিষ্ণু, সন্দীপ মান্ডি, রাবিথদের নিয়েই নয়া কম্বিনেশন তৈরি করতে তাই সমস্যায় পড়েননি বলে দাবি মুসার।
২০২৫ সালে শেষ বার মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ভারত ৩–০ জিতেছিল। এ বার তা মুসার টিম ধরে রাখতে পারবে কি না, এখন সেটাই দেখার।
বিকেল সাড়ে তিনটেয় এই ম্যাচ সরাসরি দেখা যাবে ভেটো অ্যাপে।