_সংগৃহীত ছবি।

ভেটেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন ইতালির কিমি আন্তোনেল্লি। মাত্র ২০ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি সেবাস্তিয়ান ভেটেলের দীর্ঘদিনের রেকর্ড। মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় স্থান অর্জন করেই ২০২৬ মৌসুমের চালকদের বিশ্বচ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন মার্সিডিজের এই তরুণ তারকা।

গতকাল রোববার (১ নভেম্বর) মেক্সিকো সিটির অটোদ্রোমো এরমানোস রদ্রিগেস সার্কিটে অনুষ্ঠিত ৭১ ল্যাপের রেসে এই ঐতিহাসিক কীর্তি গড়েন আন্তোনেল্লি। শিরোপা নিশ্চিত করার দিন তার বয়স ছিল ২০ বছর ৬৮ দিন। এর আগে ২০১০ সালে রেড বুলের হয়ে ২৩ বছর ১৩৪ দিন বয়সে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন সেবাস্তিয়ান ভেটেল। দীর্ঘ ১৬ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন ইতালিয়ান এই চালক।

আন্তোনেল্লির এই অর্জনের মধ্য দিয়ে ৭৩ বছর পর ফর্মুলা ওয়ানের চালকদের বিশ্বচ্যাম্পিয়ন পেল ইতালি। সর্বশেষ ১৯৫৩ সালে দেশটির কিংবদন্তি চালক আলবার্তো আসকারি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার আন্তোনেল্লির হাত ধরে আবারও বিশ্বমঞ্চে ফিরল ইতালির সেই গৌরব।

মেক্সিকো সিটির রেসে নামার আগেই শিরোপার খুব কাছাকাছি ছিলেন আন্তোনেল্লি। প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বিশ্বচ্যাম্পিয়ন হতে এই রেসে অন্তত নবম স্থানে শেষ করলেই চলত তার। ফলে খুব বেশি ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না মার্সিডিজের এই চালকের। তবে শুধু প্রয়োজনীয় ফল নিয়ে সন্তুষ্ট থাকেননি তিনি। চতুর্থ স্থান থেকে রেস শুরু করে শেষ পর্যন্ত তৃতীয় হয়ে পডিয়ামে জায়গা করে নেন।

রেসের শুরুতে চালকদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শুরুতে ফেরারির চালকদের সঙ্গে লড়াইয়ের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেন তিনি। দ্বিতীয় স্থান অর্জন করেন ফেরারির লুইস হ্যামিল্টন। আর বিজয়ী ভার্স্টাপেনের চেয়ে ৪ দশমিক ০০৬ সেকেন্ড পিছিয়ে থেকে তৃতীয় হন আন্তোনেল্লি।

তবে পুরো রেসটি নির্বিঘ্নে শেষ হয়নি। একাধিক দুর্ঘটনা ও রেস বন্ধ থাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যাডিলাকের চালক ভালতেরি বত্তাসের গাড়ির সাসপেনশনে সমস্যা দেখা দিলে তিনি দুর্ঘটনার শিকার হন। পরিস্থিতি সামাল দিতে রেসে লাল পতাকা দেখানো হয় এবং প্রায় ৩৩ মিনিট প্রতিযোগিতা বন্ধ থাকে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আবার রেস শুরু হয়। এ ছাড়া শেষ দিকে আরেকটি দুর্ঘটনার কারণে সেফটি কারও মাঠে নামে।

এতসব বাধার মধ্যেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হন আন্তোনেল্লি। রেসের শেষ পর্যায়ে শিরোপা নিশ্চিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দলের সঙ্গে রেডিও যোগাযোগে উচ্ছ্বাস প্রকাশ করেন এই তরুণ চালক। রেস শেষ হওয়ার পর পরিবারের সদস্য ও মার্সিডিজ দলের সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেন।

মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে চতুর্থ হয়েছেন ফেরারির শার্ল লেক্লের। পঞ্চম স্থান পেয়েছেন ম্যাকলারেনের ল্যান্ডো নরিস। আর ষষ্ঠ হয়ে রেস শেষ করেছেন আন্তোনেল্লির সতীর্থ জর্জ রাসেল।

এই রেসের পর চালকদের পয়েন্ট তালিকায় আন্তোনেল্লির সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮০। দ্বিতীয় স্থানে উঠে আসা ভার্স্টাপেনের পয়েন্ট ২৬১। অর্থাৎ চারটি রেস বাকি থাকতেই তার সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ১১৯ পয়েন্টে। বাকি প্রতিযোগিতাগুলোতে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করলেও প্রতিদ্বন্দ্বীদের পক্ষে আন্তোনেল্লিকে ছাড়িয়ে যাওয়া আর সম্ভব নয়।

অন্যদিকে ২৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হ্যামিল্টন। ২৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ জর্জ রাসেল। দলগত চ্যাম্পিয়নশিপেও এগিয়ে রয়েছে মার্সিডিজ। ফেরারির চেয়ে ১২৬ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে তারা।

মাত্র দ্বিতীয় মৌসুমেই ফর্মুলা ওয়ানের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দিলেন আন্তোনেল্লি। এর আগে ২০২৫ সালে মার্সিডিজের হয়ে ফর্মুলা ওয়ানে অভিষেক হয়েছিল তার। এবার মাত্র এক মৌসুমের ব্যবধানেই সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের স্বীকৃতি অর্জন করলেন এই ইতালিয়ান। ফলে নতুন প্রজন্মের অন্যতম সেরা চালক হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।