ঘূর্ণিঝড়প্রতীকী ছবি

গভীর নিম্নচাপটি হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার ভারতের উপকূলে আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা দূরবর্তী সতর্কসংকেত বাড়িয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছের পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।