Advertisement

বরগুনায় স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়া সেই বখাটে গ্রেপ্তার

প্রথম আলো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রীফাইল ছবি : প্রথম আলো
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রীফাইল ছবি : প্রথম আলো

বরগুনার বেতাগী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর হামলা করে দাঁত ভেঙে দেওয়া বখাটে ফয়সালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার দুপুরে সদর উপজেলার পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮–এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত সোমবার বিকেলে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে আহত ছাত্রীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফয়সালের মা ও ভাইকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী ও আসামি ফয়সাল একই এলাকার বাসিন্দা। ফয়সাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে ক্ষুব্ধ হন ফয়সাল। ঘটনার দিন স্কুল থেকে বাড়িতে ফেরার পথে ওই ছাত্রীর ওপর হামলা করেন ফয়সাল ও তাঁর সহযোগীরা। এলোপাতাড়ি মারধরে মেয়েটির তিনটি দাঁত ভেঙে যায়। তার চিৎকারে সহপাঠী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ঘটনার পর থেকেই এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। আজ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফয়সালের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ছাত্রী বিদ্যালয়ের শৌচাগারে গেলে ফয়সাল সেখানে উঁকি দেন। মেয়েটি টের পেলে দ্রুত সটকে পড়েন ফয়সাল। এরপর ঘটনাটি স্বজনদের জানায় ছাত্রী। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে মারধরের হুমকি দেন ফয়সাল। ভয়ে সোমবার ওই ছাত্রীকে বিদ্যালয়ে পাঠাননি তার মা। পরে বাড়িতে গিয়ে এক শিক্ষক তাকে বিদ্যালয়ে নিয়ে আসেন। বিকেলে ছুটির পর বাড়ির উদ্দেশে রওনা হলে ফয়সাল তার ওপর হামলা করেন। এতে তার তিনটি দাঁত ভেঙে যায়।

Lading . . .