Advertisement

ব্যর্থ বৈভব-রিঙ্কুরা, কুম্ভ হয়ে লড়ে শতরান তিলকের, তবু পাকিস্তানের কাছে ৪৮ রানে হারল ভারত

এই সময়

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের কাছে ৪৮ রানে হারল ভারত।,ছবি: BCCI
পাকিস্তানের কাছে ৪৮ রানে হারল ভারত।,ছবি: BCCI

শেষ পর্যন্ত কুম্ভ হয়ে লড়াইটা একাই চালিয়ে গেলেন অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma)। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়ছে, অন্য প্রান্তে জয়ের আশা বাঁচিয়ে রাখতে রান করে চলেছেন তিনি। যতক্ষণ ক্রিজ়ে ছিলেন, ততক্ষণ জয়ের আশাটুকু বাঁচিয়ে রেখেছিলেন তিলক। শুধু ইনিংস সামলানো নয়, শেষ পর্যন্ত শতরানও পূর্ণ করলেন। কিন্তু অধিনায়কের এমন লড়াইও হার বাঁচানোর জন্য যথেষ্ট হলো না।

এশিয়া কাপ রাইজ়িং স্টারসে (Asia Cup Rising Stars) পাকিস্তান ‘এ’ (Pakistan A) দলের কাছে ৪৮ রানে হারল ভারত ‘এ’ (India A)। হাসান নওয়াজ় (Hasan Nawaz), মাজ় সাদাকত (Maaz Sadaqat) ও ফারহান ইউসুফের (Farhan Yousaf) ব্যাটে ভর করে প্রথমে ৩১৩ রান তুলেছিল পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার (Abhishek Sharma) ঝোড়ো ইনিংস, তিলকের সেঞ্চুরি এবং শাহবাজ় আহমেদের (Shahbaz Ahmed) অর্ধশতরান— কোনও কিছুই কাজে এল না। ২৬৫ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

নেপালের বিরুদ্ধে ৩০৬ রানের বিশাল জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল ভারত ‘এ’। সেই ম্যাচে তিলক ও কুমার কুশাগ্র (Kumar Kushagra)— দু’জনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়েও আত্মবিশ্বাসী ছিল দল। কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা, মাঝের ওভারগুলিতে উইকেটের পতন এবং শেষ দিকে তিলককে সঙ্গ দিতে না পারা— সব মিলিয়ে বড় মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারল না ভারত।

ভারতীয় ‘এ’ দলের ছবি।

হাসান-মাজ়ের ভিত, শেষ দিকে ফারহানের ঝড়

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ‘এ’। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার শামিল হুসেন (Shamyl Hussain) ও মাজ় সাদাকত। শামিল মাত্র ২৩ বলে ৩৩ রান করে ফিরে গেলেও মাজ় ইনিংসের হাল ধরে রাখেন। ৬৩ বলে ৫৯ রান করেন তিনি। প্রথম উইকেটে মাত্র ৭.৫ ওভারেই ৬৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান। শামিলকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। এর পর হর্ষিত রানার (Harshit Rana) বলে রোহেল নাজ়ির (Rohail Nazir) LBW হওয়ায় কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাসান নওয়াজ়ের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যান মাজ়। তৃতীয় উইকেটে দু’জনের জুটিতে যোগ হয় ৫৭ রান। ৫৯ রান করে সূর্যাংশ শেডগের (Suryansh Shedge) বলে ফিরে যান মাজ়। তার পর অধিনায়ক আব্দুল সামাদ (Abdul Samad) এসে হাসানের সঙ্গে আরও ৬৫ রান যোগ করেন। সামাদ ৩৫ বলে ২৮ রান করে রান আউট হলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন হাসান। ৮২ বলে ৭৯ রানের ইনিংসে পাঁচটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। ৪০তম ওভারে সূর্যাংশের বলে হাসান ফিরতেই পাকিস্তানের ইনিংসের দায়িত্ব নেন ফারহান।

শেষ দিকে ফারহানের ব্যাটে দ্রুত রান ওঠে। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি। চারটি চার ও দু’টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। তাঁকে সঙ্গ দেন মহম্মদ ইমরান রনধাওয়া (Mohammad Imran Randhawa)। মাত্র ১৪ বলে ২৩ রান যোগ করেন তিনি। তবে ৫০ ওভার শেষ হওয়ার আগেই ৩১৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে হর্ষিত রানা, প্রিন্স যাদব (Prince Yadav), সূর্যাংশ শেডগে ও বিপ্রজ নিগম (Vipraj Nigam) দু’টি করে উইকেট নেন। কিন্তু উইকেট পেলেও পাকিস্তানের রান তোলার গতি আটকে রাখতে পারেননি ভারতীয় বোলাররা। বিশেষ করে হর্ষিত ৭৭ রান খরচ করেন।

ভারতীয় ‘এ’ দলের ছবি।

অভিষেকের ঝড়ে আশা, তার পরই পর পর ধাক্কা

৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ১১ রান করে মহম্মদ ইমরানের বলে ফিরে যান। আয়ুষ বাদোনি কোনও রানই করতে পারেননি। ফলে শুরুতেই চাপে পড়ে ভারতীয় শিবির। সেই চাপ কাটানোর চেষ্টা করেন অভিষেক শর্মা। শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন তিনি। মাত্র ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৪২ বলে ৭০ রানের ইনিংসে ছ’টি চার ও ছ’টি ছক্কা মারেন অভিষেক। কিন্তু তাঁর এই ঝোড়ো ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। হাসান নওয়াজ়ের বলে আব্দুল সামাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অভিষেকের বিদায়ের পর ম্যাচের রাশ ধীরে ধীরে পাকিস্তানের হাতে চলে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। কুমার কুশাগ্রা করেন ২ রান, রিঙ্কু সিং (Rinku Singh) ফেরেন ৬ রানে। ১২১ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসে ভারত। এর পর সূর্যাংশ শেডগেও ৩ রান করে হাসানের শিকার হন। ১৩৮ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর ভারতের জয়ের আশা কার্যত তলানিতে ঠেকে যায়। সেই পরিস্থিতিতে তিলককে সঙ্গ দিতে এগিয়ে আসেন শাহবাজ় আহমেদ।

তিলকের শতরান, শাহবাজ়ের লড়াইও বিফলে

চাপের মুখে দায়িত্ব নিয়ে খেলছিলেন তিলক। অন্য দিকে, শাহবাজ় শুরু থেকেই পাল্টা আক্রমণের চেষ্টা করেন। দু’জনের জুটিতে ভারত আবার লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয়। ৪৯ বলে ৫৬ রান করেন শাহবাজ়। তাঁর ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। কিন্তু ৪৪তম ওভারে আলি রাজ়া (Ali Raza) পর পর দুই বলে শাহবাজ় ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে দেন। হাসান নওয়াজ়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাহবাজ়। পরের বলেই বোল্ড হন বিপ্রজ। এর পর হর্ষিত রানাও শূন্য রানে ফিরে গেলে ভারতের শেষ আশাটুকুও কার্যত শেষ হয়ে যায়।

ভারতীয় ‘এ’ দলের ছবি।

তবু হাল ছাড়েননি তিলক। এক দিকে সতীর্থদের ফিরে যেতে দেখেছেন, অন্য দিকে নিজের লড়াই চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত ১৪৯ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন তিনি। এই টুর্নামেন্টে এটি তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি। কিন্তু শেষ দিকে আর কোনও ব্যাটারকে পাশে পাননি। ফলে তিলকের শতরান ব্যক্তিগত সাফল্য হয়েই থেকে গেল। ২৬৫ রানে শেষ হয়ে যায় ভারত ‘এ’-র ইনিংস। ৪৮ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ‘এ’।

২০২৩ সালের ৫০ ওভারের এশিয়া কাপ রাইজ়িং স্টারসের ফাইনালেও ভারত ‘এ’-কে হারিয়েছিল পাকিস্তান ‘এ’। সে বার জয়ের ব্যবধান ছিল ১২৮ রান। এ বার গ্রুপ পর্বের লড়াইয়েও জয়ী হলো পাকিস্তান। অন্য দিকে, সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে তিলকদের।

Lading . . .