Advertisement

ইডেনে ত্রিদেশীয় সিরিজ় আয়োজনের ভাবনা? কী জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

এই সময়

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সৌরভ গঙ্গোপাধ্যায়।,ছবি: সংগৃহীত
সৌরভ গঙ্গোপাধ্যায়।,ছবি: সংগৃহীত

একটা সময়ে ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ় ছিল খুবই পরিচিত ছবি। কিন্তু নয়ের দশকের শেষ দিক থেকে নতুন শতকের শুরুর দিকেই ধীরে ধীরে সেই চল হারিয়ে যায়। এখন ব্যস্ত ক্রিকেট সূচি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগের দাপটে দলগুলি মূলত দ্বিপাক্ষিক সিরিজ়েই বেশি খেলছে। তবে সম্প্রতি ODI ক্রিকেটে ত্রিদেশীয় ও চারদেশীয় সিরিজ় ফেরানোর পক্ষে জোরালো সওয়াল করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। সেই আবহেই এ বার বিশেষ ত্রিদেশীয় সিরিজ় বা বড় ম্যাচ আয়োজনের ভাবনায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।

শতবর্ষে ইডেনে বিশেষ ম্যাচের ভাবনা

২০২৮ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সঙ্গে একই সময়ে শতবর্ষ পূর্ণ করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। রাজ্যের ক্রিকেট সংস্থার পাশাপাশি দেশের শীর্ষ ক্রিকেট বোর্ডের কাছেও এটি বড় মাইলফলক। দেশের অন্যতম প্রাচীন ক্রিকেট সংস্থা CAB। আর ইডেন গার্ডেন্সও দেশের সবচেয়ে পুরনো ক্রিকেট মাঠগুলির মধ্যে অন্যতম।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে CAB-র ৯৫তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ ম্যাচ আয়োজন নিয়ে মুখ খোলেন প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ইডেনে একটি বড় ম্যাচ আয়োজনের জন্য BCCI-কে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সৌরভ বলেন, ‘শতবর্ষের প্রস্তুতি আমরা ধীরে ধীরে শুরু করব। উদ্‌যাপনকে বিশেষ করে তুলতে বিসিসিআইকেও চিঠি দেব। ইডেনে একটি বড় ম্যাচ আয়োজনের বিষয়টিও থাকবে।’

শতবর্ষ উদ্‌যাপনে ত্রিদেশীয় বা চারদেশীয় সিরিজ়ের ভাবনা

২০২৮ সালে BCCI-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে বেশ কিছু বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় বিভিন্ন স্টেডিয়ামে ত্রিদেশীয় বা চারদেশীয় সিরিজ় আয়োজনের ভাবনাও রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু করে গোটা ২০২৮ জুড়ে এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান ও ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

মুম্বইয়ে BCCI-এর সদর দফতরে বার্ষিক সাধারণ সভার পর সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, শতবর্ষ উপলক্ষে বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সেই পরিকল্পনার অংশ হিসেবে ভারত বনাম বিশ্ব একাদশের একটি ম্যাচও আয়োজন করা হতে পারে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি।

বিশ্ব একাদশের বিরুদ্ধে এর আগে কি খেলেছে ভারত?

নতুন শতকের শুরুর দিকে একাধিক চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশকে খেলতে দেখা গিয়েছিল। সেই সময়ে এশিয়া একাদশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মতো দলও এই ধরনের ম্যাচে অংশ নিয়েছিল। সেই সময় প্রায় ন’টি ম্যাচ হয়েছিল এবং এই ম্যাচগুলি দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। শেষ বার এমন ম্যাচ হয়েছিল ২০১৮ সালে। লর্ডসে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলেছিল বিশ্ব একাদশ।

তবে ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ধরনের বিশেষ ম্যাচগুলির জন্য আলাদা কমিটি গঠন করার কথাও ভাবছে বোর্ড। আপাতত আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সূচিও চূড়ান্ত হয়নি। কারণ, এর আগে বিশ্ব একাদশের বিরুদ্ধে এই ধরনের ম্যাচে ভারত খেলেনি।

Lading . . .