পারেননি বুমরা-স্টার্কও, T20-তে বিরল নজির গড়লেন এই পেসার, চেনেন তাঁকে?
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন চেনা ছবি হয়ে উঠেছে ব্যাটারদের দাপট। পিচ যেমনই হোক, বোলারদের সে ভাবে দাগ কাটতে দেখা যায় না। তবে সেই ফরম্যাটেই এ বার ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লেকক। জশপ্রীত বুমরা, মিচেল স্টার্করাও যে নজির গড়তে পারেননি, সেটাই করে দেখালেন প্রোটিয়া পেসার। এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল রেকর্ড গড়লেন লেকক। ১৩ অক্টোবর CSA T20 Challenge লিগে টাইটান্সের বিরুদ্ধে নজির গড়েছেন কোয়াজ়ুলু-নাটাল ইনল্যান্ডের এই অলরাউন্ডার। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়া প্রথম প্রোটিয়া পেসার তিনি।
এক ওভারে পাঁচ উইকেট নিলেন চ্যাড লেকক
টাইটান্সের বিরুদ্ধে এই ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে মোট ৬ উইকেট নিয়েছেন লেকক। সিনিয়র ক্রিকেটে খুব বেশি পরিচিতি না থাকলেও এই পারফরম্যান্সে শিরোনামে উঠে এসেছেন তিনি। চতুর্থ বোলার হিসেবে পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিলেন লেকক।
টাইটান্সের বিরুদ্ধে লেউইস ডু প্লয়কে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন লেকক। পরের বলে দাইয়ান গালিয়েম দু’রান নেন। তৃতীয় বলে আউট করেন গালিয়েমকে। এর পরে আর থামানো যায়নি লেকককে। পরপর তিন বলে আফিউয়ে ম্নিয়ানা, জানকো স্মিট এবং এসোসা আইহেভবাকে বোল্ড করেন তিনি। ফলে একই ওভারে মোট পাঁচ উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন। মোট ৬ উইকেট নেন ম্যাচে।
লেককের আগে এই কীর্তি গড়েছেন কারা?
লেককের আগে পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিঠুন এবং ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ন্দানা। ২০১৩-১৪ মরশুমের ভিক্টরি ডে টি-টোয়েন্টি কাপে UCB-BCB XI-এর হয়ে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন আল-আমিন। ২০১৯-২০ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমি ফাইনালে কর্নাটকের হয়ে এই নজির গড়েন মিথুন। অন্য দিকে, ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট নেন প্রিয়ন্দানা।
Chad Laycock takes 5 wickets in a single over against the Titans, including a hat trick !! W, 2, W, W, W, W Finishes with 6 wickets in 4 overs at an economy of 6.5, 4 of them bowled. https://t.co/7MV7Bna8Ki
কে এই চ্যাড লেকক?
কোয়াজ়ুলু-নাটাল ক্রিকেটের পরিচিত মুখ লেককের ক্রিকেটে হাতেখড়ি ডারবানের গ্লেনউড হাই স্কুলে। দশম শ্রেণিতে পড়ার সময়ে ব্যাট ও বলে নজর কেড়েছিলেন। ২০১৯ সালে ক্রিকেট এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে আয়ারল্যান্ডের রেলওয়ে ইউনিয়ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। ক্লাবের প্রথম দলের হয়ে ৩৪১ রান করার পাশাপাশি ১৮টি উইকেটও নিয়েছিলেন তিনি। ক্লাবের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শতরানও করেছিলেন। এমনকী এক ওভারে ছয় ছক্কা মারার কৃতিত্বও রয়েছে তাঁর।
এই পারফরম্যান্সের সুবাদে কোয়াজ়ুলু-নাটালের অনূর্ধ্ব-১৭ দলেও সুযোগ পান লেকক। পরে সিনিয়র ঘরোয়া ক্রিকেটে কোয়াজ়ুলু-নাটাল ইনল্যান্ড, অর্থাৎ টাস্কার্সের হয়ে খেলতে শুরু করেন তিনি। এ বার এক ওভারে পাঁচ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে নাম লেখালেন লেকক।


