হার্দিক যেতেই মুম্বইয়ের নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা? মুখ খুলল ফ্র্যাঞ্চাইজ়ি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬

দুই মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব সামলানো হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাব কিংসের সঙ্গে ট্রেড করল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই মেগা ট্রেডের বিনিময়ে নিজেদের ডেরায় নিয়ে এল ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রধান পেস অস্ত্র অর্শদীপ সিংকে। দীর্ঘদিনের জল্পনার পর এই দলবদল চূড়ান্ত হওয়ার সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করেছে—হার্দিকের পরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন? সমর্থকদের দীর্ঘদিনের দাবি মেনে কি তবে রোহিত শর্মার হাতেই ফিরছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড?
কে হবেন মুম্বইয়ের নতুন অধিনায়ক?
নেতৃত্বের এই টানটান উত্তেজনার মাঝেই বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আসন্ন আইপিএল মরশুমের কথা মাথায় রেখে ফ্র্যাঞ্চাইজ়ি অত্যন্ত সতর্কতার সঙ্গে অধিনায়কত্বের সমস্ত বিকল্প মূল্যায়ন করবে। সঠিক সময়েই দলের নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
মুম্বইয়ের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, আগামী ১৭ নভেম্বর রিটেনশন তালিকা জমা এবং ১৬ ডিসেম্বর গোয়ায় আয়োজিত মিনি নিলামের আগে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ তারা। ক্রিকেটমহলের ধারণা, রোহিত শর্মার ফেরা নিশ্চিতভাবেই আলোচনার শীর্ষে, তবে জশপ্রীত বুমরাহ ও ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও অধিনায়ক হওয়ার জোরালো দাবিদার। এছাড়া ভবিষ্যতের কথা ভেবে তরুণ তিলক বর্মার নামও বিবেচনায় রাখা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কেরিয়ারের শেষলগ্নে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা এখন আর অধিনায়কত্ব নাও নিতে পারেন বরং তিনি তরুণ কোনও প্লেয়ারকে তৈরি করতে পারেন।
২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকায় এক আনকোরা প্রতিভাবান তরুণ হিসেবে মুম্বইয়ের স্কাউটরা তাঁকে তুলে এনেছিলেন। পরবর্তীকালে রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বইয়ের চারটি আইপিএল খেতাব জয়ের প্রধান স্থপতি ছিলেন তিনি। এরপর ২০২২ সালে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে ট্রফি জেতেন এবং ২০২৪ সালে নাটকীয়ভাবে মুম্বইয়ে ফিরে রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্ব নেন। তবে সেই পর্ব কখনই ভালো হয়নি।
পাঞ্জাবে যোগ দিয়ে হার্দিকের পারিশ্রমিক ১৬.৩৫ কোটি থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১৮ কোটি টাকায়। আইপিএল কেরিয়ারে ১৬২ ম্যাচে ২,৯৫৫ রান এবং ৮২ উইকেট নেওয়া এই অলরাউন্ডার এখন প্রীতি জিন্টার দলের ভাগ্য ফেরানোর দায়িত্বে নামবেন।
আপনি কি জানেন?
রোহিত শর্মার নেতৃত্বে ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, যা চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে লিগের সর্বকালের রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পুরুষদের বিভাগে ভারতের পক্ষে দ্রুততম এবং সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হলেন আর্শদীপ সিং, যিনি ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে টপকে এই রেকর্ড গড়েছেন।
হার্দিক পান্ডিয়া আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজ়িকে (গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স) নেতৃত্ব দেওয়ার পর তৃতীয় আরেকটি ফ্র্যাঞ্চাইজ়িতে (পঞ্জাব কিংস) ট্রেড হয়ে যোগ দিলেন।


