টেস্টের ইতিহাসে প্রথম বার ঘটল, দুই ইনিংসে ৫০০-র বেশি রান করে বিশ্বরেকর্ড জ়িম্বাবোয়ের
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬
টেস্ট ক্রিকেটে এমন নজির আগে কখনও দেখা যায়নি। পাঁচ দিনের ম্যাচের দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করে ইতিহাস গড়ল জ়িম্বাবোয়ে (Zimbabwe)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শারজায় প্রথম টেস্টে এই কীর্তি গড়েছেন ব্রায়ান বেনেটের (Brian Bennett) দল। সোমবার (৯ নভেম্বর) ম্যাচটি ড্র হয়। প্রথম ইনিংসে ৫০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে জ়িম্বাবোয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করার নজির গড়ল তারা। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর একই মাঠে।
দ্বিশতরান আরভিনের, প্রথম টেস্ট শতরান মাদেভেরের
ম্যাচের শেষ দিন ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে ব্যাট করতে নামে জ়িম্বাবোয়ে। দিনের শুরুতে ক্রেগ আরভিন (Craig Ervine) ও ব্রায়ান বেনেট ক্রিজ়ে ছিলেন। অর্ধশতরান পূর্ণ করার পর মহম্মদ সেলিমের বলে আউট হন বেনেট। এর পর অভিষেক হওয়া আন্টাম নাকভি (Antum Naqvi) যোগ দেন আরভিনের সঙ্গে। পঞ্চম উইকেটে দু'জনে ১৪০ রান যোগ করেন। ৬১ রান করে নাকভি আউট হওয়ার পর ক্রিজ়ে আসেন ওয়েসলি মাদেভেরে (Wessly Madhevere)।
এর পর আর কোনও উইকেট পড়েনি। আরভিন ও মাদেভেরে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২০৮ রান যোগ করেন। জ়িম্বাবোয়ের টেস্ট ইতিহাসে এই উইকেটে এটাই সর্বোচ্চ পার্টনারশিপ। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৫২৩ রান করে ইনিংস শেষ করে জ়িম্বাবোয়ে।
এই ইনিংসে অনবদ্য ব্যাটিং করেন আরভিন। ২৭৯ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৩টি চার ও দু'টি ছয়। ৪১ বছর ৮২ দিন বয়সে টেস্টে দ্বিশতরান করে ইতিহাসের তৃতীয় প্রবীণতম ক্রিকেটার হলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান এবং ইংল্যান্ডের জ্যাক হবসের।
অন্য দিকে, মাদেভেরে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পেলেন। শুরুতে এক বল পিছু এক রান করে এগোলেও পরে ধীর গতিতে ব্যাট করেন তিনি। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে জ়িম্বাবোয়ে ১২২ ওভারেরও বেশি ব্যাট করে। আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ (Rahmat Shah) মূল বোলারদের বিশ্রাম দিতে দিনের দ্বিতীয়ার্ধে পার্টটাইম বোলার এবং রক্ষণাত্মক স্পিনারদের উপর বেশি ভরসা করেন। পুরনো বলের সেলাই উঠে গেলেও নতুন বল নেননি তিনি।
টেস্টে তৃতীয় সবচেয়ে খরুচে বোলার জ়িয়া-উর-রহমান
এই ম্যাচে আফগানিস্তানের স্পিনার জ়িয়া-উর-রহমানের (Zia-ur-Rehman) অভিজ্ঞতা একেবারেই সুখকর হলো না। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে একই ম্যাচের দুই ইনিংসেই ১৫০ বা তার বেশি রান দিলেন তিনি।
প্রথম ইনিংসে ৪৬ ওভার বল করে ১৭০ রান দিয়ে দু'টি উইকেট নিয়েছিলেন জ়িয়া। দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারে ১৭৩ রান দিয়ে ফের দু'টি উইকেট পান তিনি। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৪ উইকেটে ৩৪৩ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও বোলারের তৃতীয় সর্বোচ্চ রান দেওয়ার নজির এটি।
তাঁর চেয়ে বেশি রান দিয়েছেন মাত্র দু'জন। ১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৪ রান দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের টমি স্কট। ২০০৮ সালে নাগপুরে ভারতের বিরুদ্ধে ৩৫৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা। আরও একটি বিরল নজির গড়েছেন জ়িয়া। টেস্টে ৩০০-র বেশি রান দেওয়া সাত জন বোলারের তালিকায় একমাত্র তিনিই পাঁচটির কম উইকেট পেয়েছেন।
এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার চাক ফ্লিটউড-স্মিথের দখলে। ১৯৩৮ সালে দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৯৮ রান দিয়েছিলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রাজেশ চৌহান। ১৯৯৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭৬ রান দিয়েছিলেন তিনি।


