শতবর্ষে বিশেষ ম্যাচ, সিএবির এজিএমে অনেক কিছুতেই ধোঁয়াশা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এই সময়: ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো সিএবিরও শতবর্ষ আসন্ন। ২০২৭–২৮ মরশুম জুড়ে চলবে শতবর্ষ উদযাপন। যার মধ্যে অন্যতম হতে চলেছে ইডেনের বুকে বিশেষ একটি আন্তর্জাতিক ম্যাচ। বৃহস্পতিবার সিএবির বহুচর্চিত বার্ষিক সাধারণ সভায় এই বিষয়টি আলোচনা হয়।
সভার পরে ইডেনের ইন্ডোরের সামনে দাঁড়িয়ে সংস্থার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ‘সভায় এই বিষয়ে কথা হয়েছে, প্রস্তাবও এসেছে। শতবর্ষ উপলক্ষে অনেক কিছুই হবে। যার মধ্যে একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার চেষ্টা করব আমরা।’এর বাইরে সভায় অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনও রফাসূত্র বেরোয়নি। যেমন এখন সিএবিতে এখনও নির্বাচন হয়নি। সচিব ও যুুগ্মসচিব দুটো পদ এখনও ফাঁকা। সেই পদ ভরাতে গেলে বিশেষ সাধারণ সভা বা এসজিএম ডেকে নির্বাচন প্রক্রিয়া করতে হবে। কিন্ত সে ব্যাপারে কোনও স্থির সিদ্ধান্তে এ দিন আসতে পারলেন না সিএবির সদস্যরা।
একই ভাবে ৯ বছর মেয়াদ পেরোনো এবং ৭০ বছর বয়সি সদস্যদের সদস্যদের সংস্থায় থাকা নিয়েও জট কাটল না। সৌরভের বক্তব্য, ‘৭০ বছর বা ৯ বছরের মেয়াদ নিয়ে আমাদের সংবিধানে যা রয়েছে, সেটাই আমরা অনুসরণ করব। কারও সমস্যা মনে হলে আদালতে যেতেই পারেন।’এ সবের বাইরে প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে আর এক প্রাক্তন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন সচিব বিশ্বরূপ দে–র উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে সরগরম হলো সভা।


