Advertisement

রিলসের দুনিয়ায় ক্রিকেটের এন্ট্রি, TikTok-এ দেখা যাবে শ্রেয়সদের ম্যাচ

এই সময়

প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬

TikTok-এ দেখা যাবে শ্রেয়সদের ম্যাচ,ছবি: X
TikTok-এ দেখা যাবে শ্রেয়সদের ম্যাচ,ছবি: X

তরুণ প্রজন্ম, বিশেষত Gen Z-র অধিকাংশের কাছেই সময় কাটানোর একটা বড় উপায় এখন রিলস (Reels)। অবসরে হোক বা কাজের ফাঁকে, সোশ্যাল মিডিয়াতে রিলস দেখা এবং স্ক্রল করা যেন অঙ্গ হয়ে উঠেছে রোজনামচার। ভাবুন তো, ব্যস্ত সময়ের মাঝে স্ক্রল করতে করতে যদি ক্রিকেট ম্যাচ লাইভ দেখতে পান? কারণ, রিলসের দুনিয়ায় এ বার পা রাখতে চলেছে ক্রিকেট। তরুণ প্রজন্মের কাছে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে অভিনব উদ্যোগ নিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত বনাম নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় এ বার দেখা যাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম TikTok-এ। ঘটনাটা কী?

TikTok-এ দেখা যাবে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

TikTok-এ দেখা যাবে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ

সম্প্রচারকারী সংস্থা Sky-র সঙ্গে হাত মিলিয়ে নির্বাচিত কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ছয় ওভার সরাসরি TikTok-এ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, অর্থাৎ ২২ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ থেকেই শুরু হচ্ছে এই উদ্যোগ।

নিউ জ়িল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, BLACKCAPS-এর অফিসিয়াল TikTok অ্যাকাউন্টে লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের প্রথম ছয় ওভারের। মোবাইলে দেখার সুবিধার কথা মাথায় রেখে সম্প্রচার হবে ভার্টিক্যাল বা লম্বা ভাবে। তবে ভারত নয়, শুধু মাত্র নিউ জ়িল্যান্ডের অধিবাসীরাই দেখতে পাবেন এটি।

TikTok-এ দেখা যাবে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

রিলস থেকে ক্রিকেট, কেন এই উদ্যোগ?

খেলাধুলার সম্প্রচারের দুনিয়ায় ক্রমশ বদল আসছে। টেলিভিশন কিংবা প্রচলিত স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি যে সব ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ প্রজন্ম বেশি সময় কাটাতে পছন্দ করে, সেখানেও বিনিয়োগ করতে চাইছে বিভিন্ন ক্রীড়া সংস্থা। নিউ জ়িল্যান্ড ক্রিকেটের এই উদ্যোগ সেটারই ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ছয় ওভার মানেই আক্রমণাত্মক ব্যাটিং, একাধিক বড় শট এবং দ্রুত উইকেট পড়ার সম্ভাবনা। ফলে ম্যাচের অন্যতম আকর্ষণীয় পর্ব TikTok-এ লাইভ দেখানোর মাধ্যমে দর্শক টানতে চাইছে কিউয়ি ক্রিকেট বোর্ড।

TikTok-এ দেখা যাবে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

ভারতে কোথায় দেখা যাবে ম্যাচ?

টিভিতে Sony Sports Network-এ দেখা যাবে ভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ের সব ম্যাচ। অনলাইনেও ম্যাচ দেখা যাবে Sony LIV অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করে। তবে এর জন্য সাবস্ক্রিপশন নিতে হবে।

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

Lading . . .