এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত, ৩১৭ করেও বোলিং ব্যর্থতায় হার বৈভবদের
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬

জলে গেল ভারতীয় ব্যাটারদের লড়াই। রানের পাহাড় গড়েও মিলল না ফাইনালের টিকিট। শ্রীলঙ্কার কাছে হেরে রাইজ়িং স্টারস এশিয়া কাপ (Asia Cup Rising Stars 2026) থেকে ছিটকে গেল ভারত (India A)। ৩১৮ রান তুলেও হারতে হবে, তা সম্ভবত আশা করেননি ভারতের সমর্থকরা। কিন্তু নির্বিষ বোলিংয়ের খেসারত দিতে হলো ভারতীয় দলকে। অভিষেক শর্মা, তিলক বর্মা, শাহবাজ় আহমেদরা ব্যাট হাতে যে মঞ্চ গড়ে দিয়েছিলেন, তা কাজে লাগাতে ব্যর্থ হর্ষিত রানা, হর্ষ দুবেরা।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রান তোলে ভারতীয় ‘A’ দল। জবাবে ৪১.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘A’ টিম। লাসিথ ক্রুসপুল্লে (১১৬) ও সিনিথ জয়বর্ধনের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ম্যাচ জিতল তারা। সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তিলকের নেতৃত্বাধীন ভারতকে (India A vs Sri Lanka A)।
বৈভব-অভিষেকের ভালো শুরু, শাহবাজ়ের ফিনিশ
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন তিলক বর্মা। শুরুটা ভালো করেছিল বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। প্রথম উইকেটে ৮০ রান যোগ করে তাঁরা। ২৭ বলে ৪০ রান করে আউট হয় বৈভব। অন্য দিকে, ৬৩ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক। তিনে নেমে ক্যাপ্টেন তিলক বর্মার ব্যাট থেকে আসে ৫৩ রান।
মাঝের ওভারগুলিতে রানের গতি কমে ভারতের। ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে ভারতের স্কোর হয়ে যায় ১৯৭/২ থেকে ২৩৫/৬। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ভারত। এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন বাংলার ক্রিকেটার শাহবাজ় আহমেদ। ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁকে সঙ্গ দেন তনুষ কোটিয়ান (২৮)। সপ্তম উইকেটে তাঁদের ৫৩ রানের জুটিতে ভর করে ৫০ ওভারে ৩১৭ তোলে ভারত।
STEPPING UP WHEN IT MATTERS MOST! 🇱🇰 Sineth Jayawardene claims Player of the Match honors after a sparkling 105 against India 'A' in the 1st Semi-Final in Qatar! 🔥🏏 #SLvIND #SriLankaCricke https://t.co/r1tDUaz978
ভারতের নির্বিষ বোলিং, জোড়া সেঞ্চুরিতে দাপট শ্রীলঙ্কার
৩১৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে একটুও চাপে পড়েনি শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের মাথা তুলে দাঁড়াতে দেননি দুই ওপেনার সিনিথ জয়বর্ধনে ও লাসিথ ক্রুসপুল্লে। ওপেনিং জুটিতে ওঠে ১৬৫ রান। ৭০ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শাহবাজ়ের বলে আউট হন জয়বর্ধনে। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ছ'টি ছক্কা। তখন শ্রীলঙ্কার স্কোর ২১.৩ ওভারে ১৭৪।
সিনিথ ফিরলেও অন্য প্রান্তে দুরন্ত ব্যাটিং চালিয়ে যান ক্রুসপুল্লে। ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১০৭ বলে ১১৬ রান করে ফেরেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা। তখন ২৬৫ রানে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা।
A sensational knock of 116 runs to anchor the 318-run chase and fire Sri Lanka 'A' straight into the Asia Cup Rising Stars Final! 🔥🏆 #SLvIND #SriLankaCricket #RisingStars https://t.co/6u8Oe7BGhA
বাকি কাজটা সহজেই করে দেন নিশান মধুষ্কা ও পবন রত্ননায়েকে। ৫৮ রানে অপরাজিত থাকেন নিশান। ১৬ বলে ৩১ রান করে ম্যাচ ফিনিশ করেন রত্ননায়েকে। ৫১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা ‘এ’। হর্ষিত ও শাহবাজ়ের একটি করে উইকেট ছাড়া ভারতের বাকি বোলাররা একেবারেই ব্যর্থ হন।


