যে কোনও মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন ইমরান খান, আশঙ্কা চিকিৎসকদের
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬

আশঙ্কাজনক অবস্থায় আছেন জেলবন্দি ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট দলের ক্যাপ্টেন ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর। অবিলম্বে তাঁর উপযুক্ত চিকিৎসা না হলে যে কোনও মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন তিনি বলে আশঙ্কা চিকিৎসকদের। শুধু হার্ট নয়, ইমরান খানের শরীরের অন্যান্য অঙ্গও যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেও বলেও আশঙ্কা করা হচ্ছে।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান (Imran Khan)। দিন কয়েক আগেই ৭৪ বছর বয়সি ইমরান খান তাঁর নিজের এবং স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লিখেছিলেন। ইতিমধ্যেই ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন বলেও জানিয়েছেন ইমরান খান। ওই কারাগার থেকে আর বেঁচে ফিরবেন না বলেও ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর স্ত্রীরও দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এর আগে তাঁর চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলেও অভিযোগ।
আর, এরই মধ্যে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ফয়সল সুলতান। ৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করেছেন তিনি। লন্ডনের ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে ফয়সল সুলতান (Faisal Sultan) জানিয়েছেন, অবিলম্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া উচিত ইমরান খানকে। সূত্রের খবর, ইমরানের রক্তচাপ দিন কয়েক আগেই ১৯২-এ পৌঁছেছিল। এর জেরে ইমরানের মস্তিষ্কেও রক্তক্ষরণ শুরু হতে পারে বলেও আশঙ্কা
উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা না-গেলে তা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা ফয়সলের। এর ফলে পাকিস্তানের কাপ্তানের কিডনি, হার্ট, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অবিলম্বে সুপার স্পেশালিটি হাসপাতালে রেখে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছেন তিনি। অবিলম্বে একজন নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ) বা কার্ডিওলজিস্টের (হৃদরোগ বিশেষজ্ঞ) পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ফয়সল সুলতান। এই রকম রোগী তাঁর কাছে এলে তিনি সেটাই করতেন বলেও জানিয়েছেন ফয়সল।
যদিও জেল কর্তৃপক্ষ দাবি করেছেন, নিয়মিত চিকিৎসা হচ্ছে ইমরান খানের। দিন কয়েক আগেই তাঁর চোখের পরীক্ষা করাও হয়েছে।
আরও পড়ুন


