Advertisement

সেঞ্চুরির হ্যাটট্রিক, ১২৩ বছরের রেকর্ড ভেঙে রঞ্জিতে ইতিহাস চিন্ময় সুতারের

এই সময়

প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬

রঞ্জিতে ইতিহাস চিন্ময় সুতারের,ছবি: X
রঞ্জিতে ইতিহাস চিন্ময় সুতারের,ছবি: X

সোনালি ছন্দে রয়েছেন চিন্ময় সুতার। রঞ্জি ট্রফিতে ৪০০ রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে অভিষেক মরশুমেই একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে প্রমাণ দিয়েছেন নিজের দক্ষতার। ফের একবার জ্বলে উঠলেন তিনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অপরাজিত রইলেন ২৩২ বলে ১৩৫ রানে। গড়ে ফেললেন নয়া নজির। ১২৩ বছরের এক রেকর্ড ভেঙে রঞ্জি ট্রফির ইতিহাসে নাম লেখালেন চিন্ময়। সেঞ্চুরির হ্যাটট্রিকে কোন নজির গড়লেন তিনি?

মিজোরাম ক্রিকেট দলের জার্সিতে চিন্ময় সুতার

অজ়ি কিংবদন্তিকে টপকে বিশ্বরেকর্ড চিন্ময়ের

অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন চিন্ময়। এই সেঞ্চুরিতে একাধিক নয়া নজির গড়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম পাঁচ ইনিংসে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন মিজোরামের ব্যাটার।

আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি বিল পন্সফোর্ডের দখলে। ১৯২১ থেকে ১৯২৩ সালের মধ্যে প্রথম পাঁচ ইনিংসে রঞ্জি ট্রফিতে ৭২৪ রান করেছিলেন তিনি। দীর্ঘ ১২৩ বছর ধরে অক্ষত ছিল সেই নজির। অবশেষে চিন্ময়ের ব্যাটে ভেঙে গেল সেই রেকর্ড। প্রথম পাঁচ ইনিংস মিলিয়ে চিন্ময়ের রান এখন ৭৯৪। ফলে পন্সফোর্ডের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন তিনি।

মিজোরাম ক্রিকেট দলের জার্সিতে চিন্ময় সুতার

রঞ্জিতে সোনালি ছন্দে রয়েছেন চিন্ময়

২০২৬-২৭ মরশুমের আগে মিজোরামে যোগ দিয়েছিলেন চিন্ময়। এর আগে তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০১৯ ও ২০২৬ সালে দু’টি লিস্ট ‘A’ ম্যাচ খেলেছিলেন এই ব্যাটার।

চলতি রঞ্জি ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় চিন্ময়ের। প্রথম দুই ইনিংসে যথাক্রমে ৩৫ ও ৯৯ রান করেন তিনি। তবে নাগাল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেই নজর কাড়েন চিন্ময়। অপরাজিত ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। মেঘালয়ের বিরুদ্ধে খেলেন ১২৫ রানের ইনিংস।

মিজোরাম ক্রিকেট দলের জার্সিতে চিন্ময় সুতার

মঙ্গলবার অরুণাচলের বিরুদ্ধে অপরাজিত রইলেন ১৩৫ রানে। ১২টি বাউন্ডারি রয়েছে তাঁর এই ইনিংসে। তাঁর দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শেষে মিজোরামের স্কোর ৩ উইকেটে ৩৬৬। অরুণাচলের থেকে ২৮৫ রানে এগিয়ে রয়েছে তারা

Lading . . .